জামডোবায় আদিবাসী মহিলাদের হাতে বিদ্যুৎচালিত ঢেঁকি তুলে দিলেন অগ্নিমিত্রা
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
সময়ের স্রোতে হারিয়ে যেতে বসেছিল বাংলার গ্রামজীবনের এক চিরচেনা অনুষঙ্গ- ঢেঁকি। একসময় যার ছন্দে ভোরের গ্রাম জেগে উঠত, আধুনিক যন্ত্রের ভিড়ে সেই ঐতিহ্য আজ প্রায় বিস্মৃত। হারিয়ে যাওয়া সেই স্মৃতিকে নতুন করে জীবন্ত করে তুলতে অভিনব উদ্যোগ নিল রাজ্য কৃষি দপ্তর।
রবিবার আসানসোল দক্ষিণ বিধানসভার অন্তর্গত জামডোবা গ্রামে স্বনির্ভর গোষ্ঠীর আদিবাসী মহিলাদের হাতে তুলে দেওয়া হল বিদ্যুৎচালিত ঢেঁকি। অনুষ্ঠানে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এই যন্ত্র মহিলাদের হাতে তুলে দেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
গোষ্ঠীর মহিলাদের কথায়, এই উদ্যোগ তাঁদের কাছে শুধুমাত্র একটি যন্ত্রপ্রাপ্তি নয়, বরং হারিয়ে যেতে বসা পূর্বপুরুষের ঐতিহ্য ফিরে পাওয়ার আনন্দ। বিদ্যুৎচালিত ঢেঁকির সাহায্যে ধান থেকে চাল তৈরি করে তা প্যাকেটজাত করে বাজারে বিক্রির পরিকল্পনা রয়েছে তাঁদের।
ঐতিহ্যের সঙ্গে আধুনিক প্রযুক্তির এই মেলবন্ধন গ্রামীণ মহিলাদের স্বনির্ভরতার পথও প্রশস্ত করবে বলে আশা করা হচ্ছে।
একদিকে বাংলার প্রাচীন খাদ্যসংস্কৃতির পুনর্জাগরণ, অন্যদিকে উপার্জনের নতুন সম্ভাবনা- জামডোবার এই উদ্যোগে যেন অতীত ও ভবিষ্যৎ হাত ধরল একই উঠোনে।
Comments
Post a Comment