রূপনারায়ণপুরে পশ্চিমবঙ্গ সরকারের ‘সেবা সেতু’ অভিযান,অন্নপূর্ণা যোজনা ঘিরে মহিলাদের উপচে পড়া ভিড়
সংবাদদাতা, নিউজ হিন্দুস্থান:-
পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশনায় সালানপুর ব্লকের রূপনারায়ণপুর নান্দনিক হলে শুরু হলো তিন দিনব্যাপী ‘সেবা সেতু’ অভিযান। আজ সকাল ১০টা থেকে শুরু হওয়া এই শিবিরটি চলবে প্রতিদিন বিকেল ৫টা পর্যন্ত। প্রথম দিন থেকেই পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা নিতে সাধারণ মানুষের উৎসাহ ছিল তুঙ্গে।
এই শিবিরের মাধ্যমে রাজ্য সরকারের যাবতীয় প্রকল্প—যেমন অন্নপূর্ণা যোজনা, বিধবা পেনশন, বার্ধক্য ভাতা এবং ১০০ দিনের কাজের (জব কার্ড) নতুন রেজিস্ট্রেশন ও নাম সংশোধনের কাজ চলছে।
শিবিরের প্রথম দিনে সবচেয়ে নজরকাড়া দৃশ্য ছিল অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত কাউন্টার গুলিতে। প্রখর রোদ ও গরম উপেক্ষা করেই বহু মহিলা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন। আবেদনকারীদের অভিযোগ, সমস্ত প্রয়োজনীয় নথি জমা দেওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে তাঁদের স্ট্যাটাসে ‘আন্ডার প্রসেস’ বা ‘ক্যান্সেল’ দেখাচ্ছে এবং টাকা মিলছে না। ফলে সংসার ও ঘরকন্নার কাজ ছেড়ে আবার নতুন করে আবেদন ও জট ছাড়াতে বাধ্য হয়ে তাঁরা এই রোদে দাঁড়িয়েছেন।
বিষয়টি নিয়ে সালানপুর ব্লক মণ্ডল-৪ এর সভাপতি চিন্ময় তিওয়ারি প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, "যেসব যোগ্য মহিলারা এতদিন ধরে ফর্ম জমা দিয়েও টাকা পাচ্ছেন না বা যাঁদের আবেদন বাতিল দেখাচ্ছে, তাঁদের বিষয়টি অবিলম্বে দেখা উচিত। যে সকল প্রকৃত যোগ্য ব্যক্তি রয়েছেন, তাঁদের যেন দ্রুত এই সামাজিক সুরক্ষার আওতায় আনা হয়।"
Comments
Post a Comment