‘সেবা সেতু’, মানুষের অভাব-অভিযোগ শুনলেন মন্ত্রী অজয় পোদ্দার,
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
সরকারি প্রকল্পের সুবিধা যেন কাগজের পাতায় আটকে না থাকে, পৌঁছে যায় সমাজের শেষ প্রান্তে থাকা মানুষের দুয়ারে- এই লক্ষ্যেই শুরু হয়েছে তিন দিনের ‘সেবা সেতু অভিযান’। ২ থেকে ৪ অক্টোবর পর্যন্ত আয়োজিত কর্মসূচির অঙ্গ হিসেবে শুক্রবার কুলটি বিধানসভা এলাকায় বসে বিশেষ পরিষেবা শিবির। শিবির ঘিরে দেখা যায় উৎসাহ।
এদিন বিভিন্ন শিবির পরিদর্শন করেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী ড. অজয় পোদ্দার। পরিষেবা প্রদানের ব্যবস্থা খতিয়ে দেখার পাশাপাশি শিবিরে আসা মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি। শোনেন তাঁদের সমস্যা, অভাব-অভিযোগ ও প্রত্যাশার কথা।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, সরকারি প্রকল্পের সুবিধা যাতে কোনও বাধা ছাড়াই সাধারণ মানুষের কাছে পৌঁছয়, সেটাই এই অভিযানের মূল উদ্দেশ্য।
পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের ‘অন্ত্যোদয়’ ভাবনার উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সমাজের শেষ সারিতে থাকা মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন এবং তাঁদের স্বপ্নপূরণের লক্ষ্যে কাজ চলছে।
Comments
Post a Comment