সেবা সেতুর শিবির- জেলাশাসকের সামনেই মহিলাদের আক্ষেপ


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

      সরকারি পরিষেবার আশ্বাস আর বাস্তব প্রাপ্তির মাঝখানে যখন দীর্ঘ হয় অপেক্ষার পথ, তখনই জমে ওঠে সাধারণ মানুষের ক্ষোভ। সালানপুর ব্লকের রূপনারায়ণপুরের নান্দনিক হলে তিনদিনের ‘সেবা সেতু’ শিবিরের শেষ দিনে সেই অসন্তোষই উঠে এল প্রশাসনের সামনে।

       রবিবার শিবিরের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে উপস্থিত হন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস. পোন্নাম্বলম। ক্যাম্প চত্বর ঘুরে দেখার পাশাপাশি পরিষেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি। শোনেন তাঁদের অভাব-অভিযোগ, সুবিধা-অসুবিধা ও বিভিন্ন দাবির কথা।

      তবে জেলাশাসকের পরিদর্শনের মধ্যেই অন্নপূর্ণা যোজনার সুবিধা না পাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন একাধিক মহিলা। তাঁদের অভিযোগ, বারবার আবেদন ও ফর্ম পূরণ করেও মিলছে না প্রকল্পের সুবিধা। এক আবেদনকারীর কথায়, “আগের সরকার অন্তত ভালো ছিল, মাসে সঠিক সময়ে লক্ষ্মীর ভাণ্ডারের ১৫০০ টাকা অ্যাকাউন্টে চলে আসত।” বারবার আশ্বাস সত্ত্বেও পরিষেবা না মেলায় ক্ষোভ বাড়ছে বলে জানান উপভোক্তারা।

       জেলাশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন সালানপুরের বিডিও দেবাঞ্জন বিশ্বাস সহ প্রশাসনের অন্যান্য আধিকারিক।

      সরকারি শিবিরে মানুষের ভিড় যেমন পরিষেবা পাওয়ার প্রত্যাশার ছবি আঁকল, তেমনই কিছু অভিযোগ মনে করিয়ে দিল প্রশাসনিক উদ্যোগের সার্থকতা প্রতিশ্রুতিতে নয়, মানুষের হাতে সময়মতো পরিষেবা পৌঁছে দেওয়ায়।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়