পুজোর আগে পথের ক্ষতে প্রলেপ, সংস্কারের ছোঁয়ায় স্বস্তির আলো সালানপুরে


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -: 

    দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ার আগেই পথের দুর্ভোগ ঘোচাতে তৎপর প্রশাসন। ভগ্নপ্রায় রাস্তার ক্ষত সারিয়ে উৎসবের যাত্রাপথ মসৃণ করার লক্ষ্যে সালানপুর ব্লকে শুরু হল সংস্কারের নতুন অধ্যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই শনিবার দুটি গুরুত্বপূর্ণ রাস্তা মেরামতির কাজের আনুষ্ঠানিক সূচনা হল। পুজোর প্রাক্কালে এই উদ্যোগে স্বস্তির বাতাস বইছে এলাকাজুড়ে।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাস্তা দুটির সংস্কারে মোট ৪৮ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। এর মধ্যে ২৯ লক্ষ টাকা ব্যয়ে সংস্কার করা হবে কুসুমকানালি থেকে কল্যাণগ্রাম রাস্তা। অন্যদিকে, ১৯ লক্ষ টাকা ব্যয়ে নতুন রূপ পাবে পিঠাকিয়ারি থেকে হাসপাতাল মোড় পর্যন্ত রাস্তা।

     এদিন নারকেল ফাটিয়ে ও ফিতে কেটে কাজের শুভ সূচনা করেন বারাবনি বিধানসভার বিধায়ক অরিজিৎ রায়।

       উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, ব্লকের জরাজীর্ণ রাস্তাগুলি দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে উৎসবের দিনগুলিতে যাতায়াতে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে না হয়।

     পাশাপাশি দীর্ঘদিনের দাবি পূরণের আশ্বাস দিয়ে বিধায়ক জানান, ডাবর মোড় থেকে চিত্তরঞ্জন তিন নম্বর গেট পর্যন্ত রাস্তার টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সাড়ে পাঁচ কোটি টাকারও বেশি ব্যয়ে রাস্তাটি সম্পূর্ণ নতুন করে নির্মাণ করা হবে। শীঘ্রই শুরু হবে কাজ।

        পুজোর আলোয় শুধু মণ্ডপ নয়, পথও হয়ে উঠুক মসৃণ- সালানপুরের এই উদ্যোগে আপাতত সেই আশাতেই বুক বাঁধছেন বাসিন্দারা।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়