দুর্গাপুর- ‘দেবদা ভালোবাসি’ ধ্বনিতে উৎসবের রঙে মাতল সিটি সেন্টার
অঙ্কিতা চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
পর্দার পুরনো প্রেম যেন ফিরে এল বাস্তবের মঞ্চে। দেবের হাতের ওপর শুভশ্রীর হাত, দু’জনের মুখে মিষ্টি হাসি। আর সেই এক মুহূর্তেই উচ্ছ্বাসের ঢেউ আছড়ে পড়ল দুর্গাপুর সিটি সেন্টারে। চারদিকে একটাই রব—‘দেবদা ভালোবাসি!’ পুজোর আগেই যেন শিল্পশহরের আকাশে ছড়িয়ে পড়ল উৎসবের রং, আর বাতাসে মিশে গেল রোমান্সের পুরনো সুর।
‘দেশু সেভেন’-এর প্রচারে শনিবার দুর্গাপুরে হাজির হলেন টলিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী। প্রিয় তারকাদের এক ঝলক দেখতে সকাল থেকেই জমেছিল অনুরাগীদের ভিড়। দেব মঞ্চে পা রাখতেই মুহূর্তে জনসমুদ্র উত্তাল হয়ে ওঠে। কারও হাতে মোবাইল, কারও চোখে বিস্ময়, কারও কণ্ঠে ভালোবাসার উচ্ছ্বাস।
অনুরাগীদের আবদারে নিজের পরা টি-শার্ট ছুড়ে দেন দেব। তা পাওয়ার জন্য শুরু হয় হুড়োহুড়ি। এরপর ঢাকের তালে ‘কোমর দোলে’ গানের ছন্দে নেচে মঞ্চ মাতিয়ে দেন অভিনেতা। পাশে শুভশ্রীর হাসি আর দু’জনের খুনসুটিতে সন্ধ্যা হয়ে ওঠে আরও রঙিন।
‘পরাণ যায় জ্বলিয়া রে’ থেকে ‘খোকাবাবু’- একসময় যে জুটি বাঙালির হৃদয়ে প্রেমের গল্প লিখেছিল, বহু বছর পর তাঁদের একসঙ্গে দেখে ফিরে এল সেই নস্টালজিয়া। দর্শকদের চোখে তখন শুধু তারকাদর্শনের আনন্দ নয়, ছিল ফেলে আসা দিনের আবেগও।
এক অনুরাগীর কথায়, “সিনেমার পর্দায় দেবদাকে দেখি, আজ সামনে থেকে দেখলাম। এটা শুধু সিনেমা নয়, আমাদের আবেগ।”
সন্ধ্যা শেষে মঞ্চ ছাড়লেন তারকারা, কিন্তু থেকে গেল উচ্ছ্বাসের রেশ। দুর্গাপুর বুঝিয়ে দিল, কিছু ভালোবাসা পর্দায় শেষ হয় না, সময় পেরিয়েও হৃদয়ে বেঁচে থাকে।
Comments
Post a Comment