দৌড়ের ছন্দে সুস্থতার শপথ, কুলটিতে নেক্সটজেনের উদ্যোগে মিনি ম্যারাথন


অঙ্কিতা চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:      

       শীতল সকালের বাতাসে পায়ের ছন্দ, চোখে নতুন স্বপ্ন আর বুকে সুস্থ জীবনের অঙ্গীকার। শুধু গন্তব্যে পৌঁছনো নয়, প্রতিটি পদক্ষেপে শরীরচর্চা ও শৃঙ্খলার বার্তা ছড়িয়ে দিতে শুক্রবার সকালে দৌড়ে মাতল তরুণ প্রজন্ম। নেক্সটজেনের উদ্যোগে কুলটি ক্লাব থেকে আয়োজিত মিনি ম্যারাথন পরিণত হল তারুণ্যের প্রাণবন্ত মিলনমেলায়।

      সবুজ পতাকা নেড়ে এই দৌড়ের সূচনা করেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী তথা কুলটির বিধায়ক ড. অজয় কুমার পোদ্দার। সকাল থেকেই কুলটি ক্লাব চত্বরে যুবক-যুবতীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। যুবতীদের জন্য ৩ কিলোমিটার এবং যুবকদের জন্য ৫ কিলোমিটার দৌড়ের আয়োজন করা হয়। নির্দিষ্ট পথে ছুটে চলা প্রতিযোগীদের পদধ্বনিতে যেন উচ্চারিত হল সুস্থ শরীর, সুস্থ মন গড়ার অঙ্গীকার।

     অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিয়দর্শিনী পাবলিক স্কুলের চেয়ারম্যান রাকেশ তিওয়ারি, কুলটি-১ মণ্ডল সভাপতি মনমোহন সিং, যুব সভাপতি যুবরাজ সহ বিশিষ্ট ব্যক্তিত্ব ও দলীয় কর্মীরা। অতিথিরা অংশগ্রহণকারীদের উৎসাহিত করার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চার আহ্বান জানান।

      আয়োজকদের বক্তব্য, বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় তরুণদের মোবাইল ও নিষ্ক্রিয়তার গণ্ডি পেরিয়ে মাঠমুখী করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। খেলাধুলা শুধু শরীরকে শক্তিশালী করে না, গড়ে তোলে আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও ইতিবাচক মানসিকতা।

     কুলটির এই মিনি ম্যারাথন তাই নিছক দৌড় প্রতিযোগিতা নয়, বরং আগামী প্রজন্মের হাতে সুস্থ ভবিষ্যতের মশাল তুলে দেওয়ার এক আন্তরিক প্রয়াস।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়