পড়ুয়াদের আবদারে সাইকেল চালালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, মিড-ডে মিলেও সামিল


অঙ্কিতা চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -: 

       টলমল সাইকেল, চাকায় নামমাত্র হাওয়া। দু’পাশে নিরাপত্তারক্ষী, চারদিকে উৎসুক পড়ুয়াদের ভিড়। সেই ভিড়ের মধ্যেই একসঙ্গে ভেসে এল আবদার, ‘দিদি, একবার সাইকেল চালাও!’ ছাত্রছাত্রীদের সেই ডাক উপেক্ষা করতে পারলেন না রাজ্যের পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। হাওয়া কম থাকা সাইকেলেই প্যাডেল ঘুরিয়ে স্কুল চত্বরে আনন্দের ঢেউ তুললেন তিনি।

       সাইকেল চালানোর পর চমক আরও বাকি। প্রোটোকলের দূরত্ব সরিয়ে পড়ুয়াদের পাশে বসে মধ্যাহ্নভোজে সামিল হলেন মন্ত্রী। খুদে পড়ুয়াদের সঙ্গে মিড-ডে মিলের খাবার ভাগ করে নেওয়ার মুহূর্তে যেন প্রশাসনিক পরিচয়ের আড়ালে ধরা দিল এক সহজ, আন্তরিক মুখ।

     রানীগঞ্জ ব্লকের বল্লভপুর রামগোপাল সরাফ বিদ্যাপীঠে নতুন সরকারের ‘সারথী’ প্রকল্পে সাইকেল বিতরণ অনুষ্ঠানে যোগ দেন তিনি। আগের ‘সবুজ সাথী’র পরিবর্তে চালু এই প্রকল্প ঘিরে পড়ুয়াদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

     অনুষ্ঠান থেকে একাধিক প্রতিশ্রুতিও দেন মন্ত্রী। বাংলার সাইকেল বাংলাতেই, বিশেষত আসানসোলে তৈরির লক্ষ্যে বন্ধ কারখানা খোলার উদ্যোগ, বল্লভপুরের বন্ধ পেপার মিল, বালকো ফ্যাক্টরি ও কটন মিল পুনরুজ্জীবনে শিল্প দপ্তরের সঙ্গে আলোচনার আশ্বাস দেন তিনি। পাশাপাশি স্মার্ট ক্লাস ও খানাখন্দে ভরা রাস্তা মেরামতির প্রতিশ্রুতিও দেন।

      পড়ুয়াদের কাছে এ দিন তাই শুধু সাইকেল পাওয়ার আনন্দ নয়, মন্ত্রীর সঙ্গে কাটানো এক টুকরো স্মরণীয় দিন।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়