ফাঁকা বাড়িতে চোরের হানা, জামুড়িয়ায় জোড়া চুরিতে চাঞ্চল্য
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
বাড়ির দরজায় তালা, ঘরে নেই কোনও সদস্য। আর সেই নিস্তব্ধতার সুযোগেই লুটপাট চালাল চোরের দল। আলমারি ভেঙে, খাটের বক্স তছনছ করে সোনার গহনা ও নগদ টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা।
শুক্রবার রাতে আসানসোলের জামুড়িয়া থানার বেনালি গ্রামের মুসলিম পাড়ায় এই ঘটনায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। একই দিনে কাছাকাছি একটি সিএসপি সেন্টারেও চুরির ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির মালিক কাজী ইলিয়াস পরিবারের সদস্যদের নিয়ে আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন। সেই সুযোগে পাঁচিল টপকে বাড়িতে ঢোকে চোরেরা। দরজার তালা ভেঙে ভিতরে প্রবেশ করে একটি ঘরের আলমারি ও খাটের বক্স তছনছ করে।
পরিবারের দাবি, প্রায় ৩ থেকে ৪ ভরি সোনার গহনা এবং নগদ আড়াই থেকে তিন লক্ষ টাকা নিয়ে পালায় দুষ্কৃতীরা। এমনকী, বাড়িতে বসে চা-বিস্কুট খাওয়ারও চিহ্ন মিলেছে বলে দাবি।
ইলিয়াসের ছোট ভাই কাজী মজামিল জানান, শনিবার সকালে পরিচারিকা তালা ভাঙা দেখে তাঁদের খবর দেন। পরে বাড়িতে ঢুকে লণ্ডভণ্ড অবস্থা দেখতে পান তাঁরা। তাঁর সন্দেহ, এই ঘটনার পিছনে কোনও সংঘবদ্ধ চক্র রয়েছে।
Comments
Post a Comment