অঙ্গনওয়াড়িতে উন্নয়নের আলো, বার্ণপুরে জনসেবার নতুন ভাবনা
অঙ্কিতা চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
শিশুর শৈশবে পুষ্টির ছোঁয়া, আর সাধারণ মানুষের জীবনের আনন্দ-বেদনার মুহূর্তে একটুকরো আশ্রয়- এই দুই লক্ষ্যকে সামনে রেখে শনিবার বার্ণপুরের রামবাঁধে উন্নয়নমূলক পরিকাঠামো পরিদর্শন করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
এদিন এলাকার একাধিক অঙ্গনওয়াড়ি কেন্দ্র ঘুরে দেখার পাশাপাশি রামবাঁধ কমিউনিটি সেন্টারের পরিকাঠামো ও পরিষেবা খতিয়ে দেখেন তিনি। মন্ত্রী জানান, প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উন্নয়নে প্রায় ২১ লক্ষ টাকা ব্যয় করা হচ্ছে। রান্নার জন্য গ্যাস, ওভেন, বিদ্যুৎ এবং শিশুদের শিক্ষার উপযোগী পরিবেশ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
তাঁর কথায়, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর লক্ষ্য অনুযায়ী শিশুদের জন্য আরও সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশ তৈরি করা হচ্ছে।
রামবাঁধ কমিউনিটি সেন্টারে প্রায় ২৫০ থেকে ৩০০ জনের বসার ব্যবস্থা রয়েছে। শীঘ্রই সেটির উন্নয়ন করা হবে বলে জানান মন্ত্রী। তাঁর মতে, আর্থিকভাবে পিছিয়ে থাকা বহু পরিবারের বিয়ে, অন্নপ্রাশন কিংবা শ্রাদ্ধের মতো অনুষ্ঠানে এই কেন্দ্রগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
পাশাপাশি অনলাইন বুকিং চালু, টাটার সহযোগিতায় ডিজিটাল রাজস্ব ড্যাশবোর্ড এবং টোটো চালকদের জন্য পৃথক চার্জিং স্টেশনের পরিকল্পনার কথাও জানান তিনি। সরকারি সম্পত্তির যথাযথ ব্যবহার ও পুরনিগমের রাজস্ব নিশ্চিত করার ওপরও জোর দেন মন্ত্রী।
উন্নয়নের এই ভাবনায় একদিকে যেমন শিশুর ভবিষ্যৎ, অন্যদিকে তেমনই সাধারণ মানুষের সামাজিক জীবনে স্বস্তির পরিসর তৈরির বার্তা উঠে এল।
Comments
Post a Comment