পুজো সেরে ফেরার পথে মৃত্যুফাঁদ! ডাম্পারের ধাক্কায় দুমড়ে-মুচড়ে ওমনি, জখম ৩
সংবাদদাতা, নিউজ হিন্দুস্থান -:
তারাপীঠের মন্দিরে প্রার্থনার আলো জ্বেলে ফিরছিলেন তাঁরা। হয়তো মনে ছিল দেবীর আশীর্বাদ নিয়ে নিরাপদে ঘরে ফেরার প্রত্যাশা। কিন্তু পথের মাঝেই সেই প্রত্যাশা ভেঙে চুরমার। ১০ চাকার ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেল যাত্রীবোঝাই ওমনি। রক্তাক্ত হল তিনটি প্রাণ।
শুক্রবার দুপুরে আনুমানিক আড়াইটে নাগাদ রানিগঞ্জ-সিউড়ি ১৪ নম্বর জাতীয় সড়কে জামুড়িয়া থানার অন্তর্গত চাকদোলা মোড় সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
জানা গিয়েছে, তারাপীঠে পুজো দিয়ে ওমনি গাড়িতে রানীগঞ্জের দিকে ফিরছিলেন পাঁচজন। সেই সময় একটি ১০ চাকার ডাম্পারের সঙ্গে গাড়িটির তীব্র সংঘর্ষ হয়। সংঘর্ষের অভিঘাতে কার্যত দুমড়ে-মুচড়ে যায় চারচাকা গাড়িটি।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় জামুড়িয়া থানার কেন্দা ফাঁড়ির পুলিশ ও ট্রাফিক গার্ডের কর্মীরা। গাড়ির ভিতর থেকে পাঁচজনকে উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে তিনজন গুরুতর আহত হওয়ায় নিকটবর্তী চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়।
অন্যদিকে, দুর্ঘটনার পরই ডাম্পারটি ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। পলাতক গাড়িটির সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত ওমনি ভ্যানটি রাস্তা থেকে সরিয়ে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।
এই দুর্ঘটনা ফের সামনে আনল জাতীয় সড়কে ভারী মাটিবোঝাই গাড়ির বেপরোয়া চলাচলের অভিযোগ। স্থানীয়দের দাবি, অতিরিক্ত নিয়ন্ত্রণহীন গতি ও ওভারলোডিংয়ের কারণে প্রতিদিনই আতঙ্কের মধ্যে পথ চলতে হয়।
পুজোর ফুলের গন্ধ মুছে যাওয়ার আগেই দুর্ঘটনার কালো ছায়া। এখন পুলিশের তদন্তেই স্পষ্ট হবে সংঘর্ষের প্রকৃত কারণ। পাশাপাশি অপেক্ষা, পলাতক ডাম্পারটির সন্ধান এবং আহতদের দ্রুত সুস্থ হয়ে ওঠার।
Comments
Post a Comment