উৎসবের আলোয় রক্তের বন্ধন, পুজোর আগেই চিকিৎসকদের মানবিক অঙ্গীকার


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -: 

      দুর্গাপুজো মানেই আনন্দের জোয়ার, আলোর উৎসব। কিন্তু সেই উৎসবের দিনগুলিতেই অনেক সময় রক্তের অভাবে থমকে যায় হাসপাতালের জীবনযুদ্ধ। উৎসবের আনন্দের আড়ালে রক্তের এই সংকটের কথা মাথায় রেখেই ছুটির দিনেও মানবসেবার ব্রত নিলেন খনি অঞ্চলের চিকিৎসকরা।

    রবিবার রানীগঞ্জের আই.এম.এ ভবনে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (IMA)-এর রানীগঞ্জ শাখার উদ্যোগে আয়োজিত হয় বিশেষ রক্তদান শিবির। উপস্থিত ছিলেন সংগঠনের বিশিষ্ট চিকিৎসক ডা. দিব্যেন্দু দাস, ডা. অনির্বাণ ঘোষ-সহ খনি অঞ্চলের বহু চিকিৎসক।

      শিবিরের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক ছিল- সাধারণ মানুষকে আহ্বান জানানোর আগেই রক্তদানের সারিতে দাঁড়ালেন চিকিৎসকরাই। পাঁচ জন মহিলা চিকিৎসক সহ মোট ৪৩ জন চিকিৎসক, চিকিৎসাকর্মী ও সংগঠনের সদস্য স্বেচ্ছায় রক্তদান করেন। আসানসোল জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের বিশেষ দল শিবিরে রক্ত সংগ্রহ করে।

     চিকিৎসকদের বক্তব্য, রক্তের কোনও বিকল্প নেই। মুমূর্ষু রোগী, থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু, প্রসূতি কিংবা দুর্ঘটনায় আহত মানুষের জীবনরক্ষায় এক ব্যাগ রক্তই হয়ে উঠতে পারে বেঁচে থাকার শেষ আশ্রয়। পুজোর সময়ে রক্তদাতার সংখ্যা কমে গেলেও চিকিৎসার প্রয়োজন থেমে থাকে না। তাই উৎসবের আগেই এই উদ্যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তাঁরা।

      IMA রানীগঞ্জ শাখার বার্তা, “ভয় নয়, রক্ত দিন- জীবন বাঁচান।” উৎসবের আগে চিকিৎসকদের এই উদ্যোগ যেন মনে করিয়ে দিল- মানবতার চেয়ে বড় কোনও উৎসব নেই।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়