অণ্ডাল -১৯ নম্বর জাতীয় সড়কে আগুনের গ্রাস, কালো ধোঁয়ায় ঢাকল আকাশ
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
ব্যস্ত জাতীয় সড়কের বুক চিরে ছুটে চলা গাড়ির সারি। হঠাৎই সেই চেনা গতিতে ছন্দপতন। বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির কেবিন থেকে আচমকা লেলিহান শিখা, মুহূর্তে আকাশ ঢেকে দিল কালো ধোঁয়ার চাদর। আগুনের গ্রাসে আতঙ্ক ছড়াল ১৯ নম্বর জাতীয় সড়কের অন্ডাল থানার জে কে রোপওয়ে সংলগ্ন এলাকায়।
শনিবার দুপুর প্রায় ২টো নাগাদ ঘটে এই অগ্নিকাণ্ড। প্রত্যক্ষদর্শীদের কথায়, জাতীয় সড়কের ধারে বিকল গাড়িটির মেরামতির কাজ চলছিল। আচমকাই কেবিন থেকে আগুনের ফুলকি বেরিয়ে মুহূর্তের মধ্যে তা ভয়াবহ রূপ নেয়। প্রাণভয়ে সরে যান আশপাশের মানুষ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় অন্ডাল থানার পুলিশ। খবর দেওয়া হয় রানীগঞ্জ দমকল বিভাগে।
দমকলের ইঞ্জিন পৌঁছনোর আগেই আগুনের তীব্রতায় গাড়ির সামনের অংশ কার্যত ভস্মীভূত হয়ে যায়। জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা গাড়িগুলিকে সরিয়ে শুরু হয় আগুন নেভানোর লড়াই। প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনের চেয়েও দীর্ঘ হলো দুর্ভোগ।অগ্নিকাণ্ডের জেরে দু’দিকের যান চলাচল বন্ধ হয়ে তৈরি হয় দীর্ঘ যানজট। কলকাতা-দিল্লি সংযোগকারী গুরুত্বপূর্ণ সড়কে আটকে পড়েন অসংখ্য যাত্রী। আতঙ্কের রেশ কাটলেও কাটেনি ভোগান্তি।
প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। যদিও প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়।
স্থানীয়দের অভিযোগ, জাতীয় সড়কে অগ্নিকাণ্ড নতুন ঘটনা নয়। অথচ দ্রুত আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। তাঁদের আশঙ্কা, সময়মতো ব্যবস্থা না থাকলে এমন ছোট্ট আগুনই একদিন বড় বিপর্যয়ের কারণ হয়ে উঠতে পারে।
Comments
Post a Comment