দুপুরে নিস্তব্ধ দরজা, রাতে মর্মান্তিক পরিণতি! সেচ দপ্তরে আধিকারিকের রহস্যমৃত্যু
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
দুপুরের পর থেকেই বন্ধ ঘরের দরজা। বারবার ফোন, তবু ওপার থেকে কোনও সাড়া নেই। শেষ পর্যন্ত রাতের নিস্তব্ধতা ভেঙে দরজা ভেঙে উদ্ধার হল এক সরকারি আধিকারিকের নিথর দেহ। শুক্রবার রাতে দুর্গাপুরের সেচ দপ্তরের অফিসে এই মর্মান্তিক ঘটনাকে ঘিরে ছড়াল গভীর চাঞ্চল্য। মৃতের নাম অলোক দাস (৫২)। বাড়ি নদিয়ার কল্যাণীতে।
পুলিশ ও দপ্তর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে অফিসের রেস্টরুমে ছিলেন সেচ দপ্তরের জলকর আধিকারিক অলোকবাবু। তাঁকে খাবার দেওয়ার পর থেকেই ঘরের দরজা বন্ধ ছিল। সন্ধ্যা গড়িয়ে রাত নামলেও তাঁর কোনও সাড়াশব্দ মেলেনি। নিরাপত্তারক্ষীরা একাধিকবার ফোন করেও যোগাযোগ করতে না পেরে পুলিশকে খবর দেন।
এরপর কোকওভেন থানার পুলিশ এসে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় তাঁর দেহ। পরে দেহটি পাঠানো হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে।
কেন এমন মর্মান্তিক পরিণতি, তা এখনও অজানা। কর্মক্ষেত্রের কোনও সমস্যা, ব্যক্তিগত টানাপোড়েন নাকি অন্য কোনও কারণ- সব দিক খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় তদন্তকারীরা।
একটি বন্ধ দরজার ওপারে থেমে গেল একটি প্রাণ। আর রেখে গেল অসংখ্য অনুত্তরিত প্রশ্ন, উদ্বেগ ও শোকের আবহ।
Comments
Post a Comment