বিষাক্ত ধোঁয়ায় অকালপ্রদীপ: কুলটির ধূলিধূসর বাতাসে শ্রমিকের প্রাণাহুতির সুর
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
কুলটির কদভিটা এলাকার কারখানার ভারী বাতাসের অন্তরালে আজ লুকিয়ে আছে এক নিঃশব্দ হাহাকার। দেন্দুয়া-কল্যাণেশ্বরী রোডের জাজু রশ্মি রিফ্র্যাক্টরিজ লিমিটেডে কর্মরত কৃষ্ণ প্রসাদের অকাল প্রয়াণ ফের একবার আঙুল তুলে দিল কর্মক্ষেত্রের ওই অদৃশ্য ঘাতকের দিকে। যে হাতের ঘামে প্রতিদিন গড়ে উঠত কারখানার ভিত্তি, সেই দেহটাই আজ নীরব হয়ে গেল ধুলো আর সিলিকার নির্মম গ্রাসে।
অসুস্থ হওয়ার পর ইএসআই থেকে লাইফলাইন হাসপাতাল- প্রতিটি পদে চিকিৎসকদের আশঙ্কা একটাই, ফুসফুস জুড়ে মারণ সিলিকোসিসের কালো ছায়া। মাস্কহীন মুখ আর সুরক্ষাহীন কর্মপরিবেশই কি তবে কাড়ল এক তাজা প্রাণ? পরিবারের শোকবিহ্বল চোখে আজ শুধুই একরাশ প্রশ্ন আর ক্ষোভের আগুন।
বিজেপির পক্ষ থেকে মৃতের স্বজনদের জন্য ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও ছেলের চাকরির দাবি তুলে সরব হয়েছেন স্থানীয়রা। কারখানা কর্তৃপক্ষ অবশ্য বিষয়টি উচ্চস্তরে খতিয়ে দেখার আশ্বাসেই সীমাবদ্ধ রেখেছে।
Comments
Post a Comment