পিচঢালা পথে রক্তের অক্ষরে বিষাদ: চৌরাঙ্গীর গতিপথে গতি স্তব্ধ এক জীবনের


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:


       ​১৯ নম্বর জাতীয় সড়কের পিচঢালা কালো পথটি  আবারও মেতে উঠল এক নির্মম তাণ্ডবে। মঙ্গলবার কুলটি থানার অন্তর্গত চৌরাঙ্গী ফাঁড়ির দামাগোড়িয়া রেলসেতুর সংলগ্ন আসানসোলগামী লেনে ঘটল হৃদয়বিদারক মর্মান্তিক পথদুর্ঘটনা। গতির তাগিদে ছুটে চলা এক মোটরসাইকেল আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারল সামনে থাকা একটি গাড়ির পেছনে। মুহূর্তের অসাবধানতায় ধূলিসাৎ হয়ে গেল একটি প্রাণবন্ত মুহূর্ত।

      ​ধাক্কার ভয়াবহ তীব্রতায় রাস্তায় ছিটকে পড়লেন ৫০ বছর বয়সী বাইক আরোহী মদন কেঁশ্রী। কুলটি থানার রাঁচিগ্রামের বাসিন্দা মদনবাবু নিমেষেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লেন নিথর রাজপথে। পথচলতি মানুষের আর্তনাদে যখন চারদিকের বাতাস ভারী হয়ে উঠেছে, ঠিক তখনই দেবদূতের মতো দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছায় চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশ।

       ​সংকটজনক অবস্থায় উদ্ধার করে নিজস্ব অ্যাম্বুলেন্সে তাঁকে পাঠানো হয় আসানসোল জেলা হাসপাতালে। সাদা চাদরের তলায় এখন চলছে জীবন-মৃত্যুর এক কঠিন লড়াই। স্বজনদের বুকেও জমেছে আশঙ্কার মেঘ।

     পিচঢালা রাস্তার রক্তচিহ্ন আজ আরও একবার নীরব সতর্কবার্তা দিয়ে গেল- গতির চঞ্চলতায় একটু অসাবধানতাই ডেকে আনতে পারে অমাবস্যার অন্ধকার।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়