মজুরি ও নিরাপত্তার দাবিতে সিটি অ্যালয়েসে শ্রমিকদের কর্মবিরতি


 রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -: 


     আগুনের সামনে দাঁড়িয়ে জীবনের ঝুঁকি, অথচ মজুরিতে বঞ্চনা- এই অভিযোগে কারখানার গেটে কর্মবিরতির ডাক দিলেন শ্রমিকেরা। 

      মঙ্গলবার সকাল ৬টা থেকে পশ্চিম বর্ধমানের সালানপুরের কল্যাণেশ্বরী অঞ্চলের কদভিটা মহেশপুরে ‘সিটি অ্যালয়েস প্রাইভেট লিমিটেড’ -এর মূল গেটের সামনে কাজ বন্ধ রেখে বিক্ষোভে সামিল হন তাঁরা। আন্দোলনের জেরে কারখানার স্বাভাবিক কাজকর্ম আংশিক ব্যাহত হয়।

    শ্রমিকদের অভিযোগ, আট ঘণ্টা কাজের জন্য তাঁদের দৈনিক প্রায় ৩০০ টাকা মজুরি দেওয়া হচ্ছে। সরকারি নির্ধারিত ন্যূনতম মজুরি অনুযায়ী তা ৩৮৬ টাকা বা তার বেশি হওয়া উচিত বলে তাঁদের দাবি। 

      অভিযোগ, অনেক সময় আট ঘণ্টার পরিবর্তে ১২ ঘণ্টা পর্যন্ত কাজ করানো হয়। মাসে ২৬ দিন কাজ, রবিবারের ছুটি এবং ছুটির দিনের ভাতার দাবিও দীর্ঘদিন ধরে পূরণ হয়নি।

       ফার্নেসের মতো ঝুঁকিপূর্ণ বিভাগে পর্যাপ্ত সেফটি কিট না দেওয়ার অভিযোগও উঠেছে। পিএফ ও ইএসআই সুবিধা না পাওয়ার অভিযোগ করেছেন শ্রমিকেরা। তাঁদের দাবি, গত জুলাইয়ে এক শ্রমিকের আঙুল কেটে গেলেও পর্যাপ্ত ক্ষতিপূরণ বা বিশ্রাম মেলেনি।

    ফোরম্যান সহ কয়েকজনের বিরুদ্ধে গালাগাল, হুমকি ও মারধরের অভিযোগও তুলেছেন তাঁরা। চার দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকেরা।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়