চার্জের তারে ছিঁড়ে গেল সংসারের আলো, অনাথ ১২ বছরের সন্তান
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
এক মুহূর্তের অসতর্কতা যে একটি গোটা সংসারের আলো নিভিয়ে দিতে পারে, উখড়ার শুড়িপাড়ার মর্মান্তিক ঘটনা যেন তারই নির্মম সাক্ষী। টোটোতে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ৩৯ বছরের চন্দন গড়াইয়ের। তাঁর মৃত্যুতে মাত্র ১২ বছর বয়সেই বাবাকেও হারিয়ে সম্পূর্ণ অনাথ হয়ে গেল এক শিশু।
পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন চন্দন। প্রতিদিনের মতো সংসারের চাকা সচল রাখতে টোটো নিয়ে বেরিয়েছিলেন তিনি। কিন্তু টোটোতে চার্জ দেওয়ার সময় আচমকাই বিদ্যুতের ছোবল। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তড়িঘড়ি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।
বহু বছর আগেই মাকে হারিয়েছিল শিশুটি। এবার বাবার হাতটিও চিরতরে সরে গেল মাথার উপর থেকে। যে বয়সে বাবার হাত ধরে পথ চলার কথা, সেই বয়সেই তার সামনে শুধুই অনিশ্চয়তার অন্ধকার। খবর পেয়ে রানিগঞ্জের বিধায়ক পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
Comments
Post a Comment