জলের বুকে কর্পোরেট ছায়া- কালীপাথরে প্রতিবাদের দাবানল
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
মাইথনের শান্ত নীল জলরাশির বুকে আজ এক গভীর সংকটের বিষাদচ্ছায়া। উন্নয়নের নামে ডিভিসি-র প্রস্তাবিত 'ভাসমান সোলার প্রজেক্ট '-এর বিরুদ্ধে সোমবার গর্জে উঠল ২২টি মৌজার ৪০টি গ্রামের প্রস্ফুটিত জনরোষ। ‘জল, জঙ্গল, জমি আমাদের অধিকার’—এই রক্তগরম করা হুঙ্কারে কেঁপে উঠল কালীপাথর ময়দানের আকাশ-বাতাস। ‘দামোদর ভ্যালি বাস্তুহারা সংগ্রাম সমিতি’ এবং ‘ল মহল ও খেরওয়াল মহল’-এর যৌথ আহ্বানে আয়োজিত জনসভায় সমবেত হয়েছিলেন হাজার হাজার ক্ষুব্ধ আদিবাসী ও মূলবাসী মানুষ।
যে জলাধারের ইতিহাস গড়ে উঠেছিল অতীতের হাজারও পরিবারের ভিটেমাটি হারানোর অশ্রু দিয়ে, আজ সেই অবশিষ্টাংশেও বসাচ্ছে কর্পোরেট থাবা। বাস্তুহারাদের না মিলল উপযুক্ত পুনর্বাসন, না মিলল স্থায়ী কাজের আশ্বাস; উল্টে এবার ড্যামের বুকে সোলার প্যানেল বসিয়ে জলজ বাস্তুতন্ত্র ধ্বংস ও মৎস্যজীবীদের পেটে লাথি মারার চক্রান্ত শুরু হয়েছে।
সুরেশ সরেন, পরেশ মারান্ডি ও সভাপতি বাসুদেব মাহাতোর মতো আন্দোলনকারীদের কণ্ঠে তাই ঝরে পড়ল আপসহীন সুর- "প্রাণ দেব, তবু জল, জঙ্গল, জমির ওপর প্রথাগত অধিকার ছাড়ব না।"
তাঁদের স্পষ্ট দাবি- অবিলম্বে বাতিল করতে হবে এই ধ্বংসাত্মক প্রকল্প, মেটাতে হবে যুগের পর যুগ ঝুলে থাকা পুনর্বাসনের বিচার। সভার শেষে ডিভিসি কর্তৃপক্ষকে দেওয়া কঠোর হুঁশিয়ারিতে জল-বাতাসে একটাই বার বার্তা ছড়িয়ে গেল- প্রকৃতির ওপর এই থাবা না গুটালে, ক্ষোভের আগুন আগামীতে আরও বড় সংগ্রামের রূপ নেবে।
Comments
Post a Comment