জলের অপেক্ষায় নতুন স্বপ্ন, কাঁখয়ায় উঠল উন্নয়নের শিলাস্তম্ভ
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
অম্রুত ২.০-তে ২.২৭ কোটির উচ্চ জলাধার, ১২০০ ঘনমিটার জলে বদলাবে সরবরাহের ছবি
জল শুধু জীবনের নাম নয়, শহরের প্রতিদিনের স্বস্তিরও আর এক নাম। সেই স্বস্তির পথকে আরও মসৃণ করতে শুক্রবার আসানসোলের কাঁখয়া কালী মন্দির সংলগ্ন এলাকায় উঠল নতুন আশার ভিত্তিপ্রস্তর। অম্রুত ২.০ প্রকল্পের আওতায় উচ্চ জলাধার নির্মাণের শুভ শিলান্যাস হল জোন-৩৭-এ। পুরনিগম ও পৌর প্রশাসন অধিদপ্তরের উদ্যোগে শুরু হল দীর্ঘদিনের জল-অপেক্ষার আর এক নতুন অধ্যায়।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রায় ২ কোটি ২৭ লক্ষ ৮৯ হাজার টাকা ব্যয়ে তৈরি হবে এই জলাধার। এর ধারণক্ষমতা ১২০০ ঘনমিটার। প্রকল্পটি বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকায় পানীয় জল সরবরাহের চাপ কমবে, পরিষেবা হবে আরও নিয়মিত ও সুসংহত- এমনটাই আশা পুরনিগমের।
শহরের জল-পরিকাঠামোকে শক্ত ভিতের উপর দাঁড় করাতে অম্রুত ২.০-র অধীনে একাধিক উদ্যোগ চলছে। তারই ধারাবাহিকতায় কাঁখয়ার এই জলাধার যেন ভবিষ্যতের তৃষ্ণার্ত শহরের জন্য সঞ্চিত এক আশ্বাস।
শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জী, পুরনিগমের প্রশাসক তথা কমিশনার দিলীপ মিশ্র, আইএএস, আধিকারিক ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা।
Comments
Post a Comment