লাল পতাকায় আছড়ে পড়ল গেরুয়া ঢেউ: স্লোগানের সংঘাত দুর্গাপুরের হৃদয়ে
সংবাদদাতা, নিউজ হিন্দুস্থান -:
একদিকে রক্তিম পতাকার হাওয়ায় প্রতিধ্বনিত 'ইনকিলাব জিন্দাবাদ', অন্যদিকে ঢাকের চড়া কাঠিতে আকাশ কাঁপানো 'জয় শ্রীরাম' ধ্বনি। শুক্রবার দুর্গাপুরের সিটি সেন্টার যেন পরিণত হলো এক রাজনীতির রণক্ষেত্রে। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সামনে সিপিএমের সমাবেশকে কেন্দ্র করে তৈরি হয় মুখোমুখি সংঘাতের উত্তপ্ত বলয়।
মঞ্চে শতরূপ ঘোষ ও মীনাক্ষী মুখোপাধ্যায়ের উপস্থিতি যখন বাম কর্মীদের চাঙ্গা করছিল, ঠিক তখনই বিপরীত প্রান্ত থেকে বিশ্ব হিন্দু রক্ষা বাহিনীর ঢাকের বোলে চড়তে থাকে উত্তেজনার পারদ। শতরূপ ঘোষের শাণিত বাণে বিন্ধ হয় রাজ্য ও কেন্দ্র- অভিযোগ ওঠে ভোট-পরবর্তী রাজনীতির মেরুকরণের। জবাবে শুভ্রা প্রসাদ সাহা বাবুর কণ্ঠে ধ্বনিত হয় হিন্দু সংস্কৃতি রক্ষার প্রতিবাদের সুর।
দুই ভাবধারার এই প্রচণ্ড সংঘর্ষে বাতাস যখন বারুদ ঠেকছিল, তখন প্রশাসনের দড়ির ব্যারিকেড আর পুলিশ বাহিনীর তড়িঘড়ি উপস্থিতি কেবল দুটো পক্ষকে আলাদা করেনি, বরং এক অদৃশ্য ফাটলকে সাময়িকভাবে ধরে রাখার চেষ্টা করেছে। সিটি সেন্টারের ব্যস্ত মোড়ে দাঁড়িয়ে থাকা প্রতিটি মানুষের চোখেমুখে এখন কেবলই এক অজানা রাজনৈতিক ঝড় আর আশঙ্কার থমথমে ছায়া।
Comments
Post a Comment