শব্দের তাণ্ডবে নামল পুলিসের রাশ: পাঞ্জাবি মোড়ে ফিরছে শান্তির সুর
অঙ্কিতা চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
যন্ত্রসভ্যতার করাল গ্রাসে আজ স্তব্ধ স্বাভাবিক জীবনের ছন্দ। জাতীয় সড়কের মোড়ে মোড়ে চাকা গড়ালেই যেন কানের পর্দায় আছড়ে পড়ে এক পৈশাচিক চিৎকার। রূপসী রানীগঞ্জের ব্যস্ত পাঞ্জাবি মোড়ে বিকট প্রেসার হর্ন আর মডিফায়েড সাইলেন্সারের তারস্বরে ধ্বনিতে একসময় অতিষ্ঠ হয়ে উঠেছিল সাধারণ পথচারী থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ী ও অসুস্থ মানুষের জীবন।
তবে অমানবিক এই শব্দদৈত্যের বিরুদ্ধে অবশেষে জাগ্রত হলো প্রশাসনিক বিবেক। সংবাদপত্রের সোচ্চার প্রতিবাদের জেরেই যেন ঘুম ভাঙল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের। রানীগঞ্জ ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক সতীনাথ শীলের নেতৃত্বে পাঞ্জাবি মোড় ও সংলগ্ন চত্বরে শুরু হলো পুলিশের এক সর্বাত্মক এবং কঠোর অভিযান।
একের পর এক বাস থামিয়ে তল্লাশি, অবৈধ প্রেসার হর্ন বাজানো যানবাহন চিহ্নিত করে ঘটনাস্থলেই তা বাজেয়াপ্ত করা এবং নিয়ম ভঙ্গকারীদের হাতে জরিমানার চালান তুলে দেওয়ার এই সাঁড়াশি অভিযানে এক লহমায় বদলে গেল চেনা ছবিটা। কেবল প্রেসার হর্নই নয়, হেলমেটহীন বাইক চালক ও মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর বিপজ্জনক প্রবণতার ওপরেও নেমে এসেছে ট্রাফিকের আইনি খাঁড়া।
এই কঠোর পদক্ষেপে সাময়িক স্বস্তি ফিরলেও, প্রশ্ন থেকে যায় সচেতনতার। আইনের চাবুক দিয়ে কটা হর্ন খোলা সম্ভব, যদি না চালকের মনে দায়িত্ববোধ জাগে? পুলিশ প্রশাসনের প্রতি স্থানীয়দের আকুল আরজি-এই নজরদারি যেন একদিনের লোকদেখানো নাটকে পরিণত না হয়।
Comments
Post a Comment