রাতের অন্ধকারে সিবিআই হানা, নথির পাতায় কি লুকিয়ে কয়লার কালো রহস্য?
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
রাত নামতেই পাণ্ডবেশ্বরের খনি অঞ্চলে নেমে এল তদন্তের ছায়া। বুধবার রাত ৮টা নাগাদ আচমকাই সাউথ শ্যামলা কোলিয়ারিতে হানা দেয় সিবিআই। তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা শঙ্করলাল হরিজনের বাড়ি এবং কোলিয়ারির একটি অফিসে রাতভর চলে তল্লাশি। ঘটনাকে ঘিরে ছড়িয়ে পড়ে তীব্র চাঞ্চল্য।
সূত্রের খবর, তিন সদস্যের সিবিআই দল প্রথমে কোলিয়ারি অফিসে ঢুকে বিভিন্ন নথি খতিয়ে দেখে। পরে শঙ্করলালের বাড়িতে পৌঁছে তল্লাশি চালানো হয়। বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ও ফাইল তদন্তকারীরা নিজেদের হেফাজতে নিয়েছেন বলে দাবি সূত্রের।
তল্লাশির সময় বাড়িতে ছিলেন না শঙ্করলাল। সূত্রের দাবি, তাঁর ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে যায় তদন্তকারী দল।
কেন এই অভিযান? খনি সূত্রে গুঞ্জন, ইসিএল -এর এক কর্মীকে ‘বিশেষ সুবিধা’ পাইয়ে দেওয়ার নামে ঘুষ লেনদেনের অভিযোগের সূত্র ধরেই এই তল্লাশি।
যদিও সিবিআইয়ের তরফে অভিযানের কারণ বা আটক ব্যক্তির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
রাতের নিস্তব্ধতা ভেঙে সিবিআইয়ের এই পদক্ষেপে তাই প্রশ্ন আরও ঘনীভূত- নথির পাতায় কি লুকিয়ে রয়েছে আরও বড় কোনও রহস্য? উত্তর খুঁজছে তদন্ত।
Comments
Post a Comment