ভক্তির আলোয় বিশ্বাসের সুর: মহিশিলার আশ্রমে সম্প্রীতির আবাহন
অঙ্কিতা চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
ভাদ্রের স্নিগ্ধ প্রহরে বাঁশির মধুর সুরে মেতে উঠেছে আসানসোলের মহিশিলা গ্রাম। জন্মাষ্টমীর এই পুণ্যলগ্নে ঐতিহ্যবাহী দয়ালবাবা আশ্রমে পুজো নিবেদন করে নিবিড় প্রার্থনায় শামিল হলেন আসানসোল দক্ষিণের বিধায়ক তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। শ্রীকৃষ্ণের চরণে ভক্তিপুষ্পাঞ্জলি দিয়ে তিনি কামনাসূত্র বাঁধেন- বাংলার ঘরে ঘরে ফিরে আসুক শাশ্বত শান্তি, সম্প্রীতি ও অগ্রগতির আলো।
উৎসবের আনন্দ কোনো গণ্ডিতে আবদ্ধ নয়; এ যে আবালবৃদ্ধবনিতার এক মিলনক্ষেত্র। আশঙ্কার কালো মেঘ সরিয়ে আজ তাই চারিদিকে বিশ্বাসের দীপ্তি। জন্মাষ্টমীর এই পবিত্র সূচনা থেকেই যেন বেজে উঠল আসন্ন বিশ্বকর্মা ও দুর্গাপুজোর আগমনী সুর।
দাদাগিরি আর আতঙ্কের ছায়াকে দূরে সরিয়ে সবাই যেন কাঁধে কাঁধ মিলিয়ে নিরাপদে মাততে পারে আনন্দের জোয়ারে- ধ্বনিত হলো সেই কল্যাণ বার্তা। ধূপের ধোঁয়া আর মন্ত্রোচ্চারণের আবহে দয়ালবাবা আশ্রম প্রাঙ্গণ আজ রূপ নিল ঐক্যের এক পুণ্যতীর্থে, যেখানে ভক্তির ছোঁয়ায় ফিকে হয়ে গেছে পুরোনো ভয়, জেগে উঠেছে এক নির্ভীক ভোরের প্রত্যাশা।
Comments
Post a Comment