মুখোশের আড়ালে কাটমানির আস্ফালন: অন্ডালে বিজেপির গৃহদাহ প্রকাশ্যে
সংবাদদাতা, নিউজ হিন্দুস্থান -:
যে 'কাটমানি' সংস্কৃতিকে হাতিয়ার করে একদা রাজনীতির ময়দানে গর্জে উঠেছিল পরিবর্তনের সুর, আজ সেই একই ব্যাধির ছোঁয়ায় রক্তক্ষরণ শুরু হয়েছে বিজেপির অন্তরমহলে। শিল্পাঞ্চল অন্ডালের ডিভিসি চত্বর আজ কোনো আদর্শের যুদ্ধক্ষেত্র নয়, বরং ভাগ-বাঁটোয়ারা আর কাঁচা টাকার বচসায় কলঙ্কিত এক আঙিনা। 'আদি' বনাম 'নব্য' লড়াইয়ের তপ্ত আগুনে অবশেষে ছাই চাপা হিংসা রূপ নিল প্রকাশ্য হাতাহাতিতে, আর সামাল দিতে ছুটে আসতে হলো পুলিশকে।
পুরোনো বিজেপি কর্মী ধ্রুব পাণ্ডেদের গলায় আজ চরম ক্ষোভের সুর। তাঁদের বিস্ফোরক অভিযোগ- বিধানসভার জয়ের আলো দেখেই রাতারাতি বিজেপির জার্সি গায়ে চাপিয়ে নিয়েছে তৃণমূলের পুরনো কাণ্ডারীরা। দলবদলু এই 'নব্য' বাহিনীর হাত ধরেই গেরুয়া শিবিরের গায়ে সেঁটে যাচ্ছে সেই পুরনো কাটমানির দুর্গন্ধ। তিল তিল করে গড়ে তোলা দলের ভাবমূর্তি যখন তোলাবাজির স্বার্থে নিলামে উঠছে, তখন অন্ডালের রাজপথে স্পষ্ট হয়ে উঠেছে সংগঠনের কঙ্কালসার চেহারা।
রাননীগঞ্জের বিধায়কের দুয়ারে আজ বিচার চাইছে আদি কর্মীরা। তবে প্রশ্ন হলো- আদর্শের মুখোশ পরা এই রাজনৈতিক খেচাখেচিতে কার স্বার্থরক্ষা হচ্ছে? অনৈতিক অর্থলিপ্সার লড়াইয়ে যে শিবিরের ভিত আজ টলমল, তারা সাধারণ মানুষকে কী বার্তা দেবে? দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের বুলি আওড়ানো দলটিই যখন নিজের উঠোনে কাটমানির পাঁকে হাবুডুবু খায়, তখন রাজনীতির রূপ দেখে কেবল করুণ উপহাসই বর্ষিত হয়।
Comments
Post a Comment