বৈধ লটারির ছায়ায় অবৈধ খেলা, কন্যাপুরে পুলিশের জালে ‘ঝাড়খণ্ড লটারি’


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

        বৈধ লটারির রঙিন টিকিটের আড়ালে অন্ধকারের কারবার। ভাগ্য বদলের স্বপ্ন দেখিয়ে শিল্পাঞ্চলের আনাচেকানাচে ছড়িয়ে পড়ছিল বেআইনি ঝাড়খণ্ড লটারির জাল। সেই অন্ধকারের পথেই এবার বড়সড় আঘাত হানল আসানসোলের কন্যাপুর ফাঁড়ির পুলিশ। বিপুল পরিমাণ অবৈধ লটারির টিকিট সহ গ্রেফতার হল আমন বার্মান ওরফে আমান সোনি নামে এক যুবক।

       পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবক ঝাড়খণ্ডের বাসিন্দা। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর ঝাড়খণ্ড লটারির টিকিট। 

       শুক্রবার তাকে আসানসোল আদালতে পেশ করা হলে চক্রের গভীরে পৌঁছতে ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানায় তদন্তকারীরা। আদালত চার দিনের হেফাজত মঞ্জুর করেছে।

      পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ঝাড়খণ্ড থেকে টিকিট এনে জামুড়িয়া, রানিগঞ্জ ও দুর্গাপুরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেওয়া হতো। বৈধ লটারির বিক্রির আড়ালেই চলত এই বেআইনি কারবার - এমনই অভিযোগ।

      সূত্রের দাবি, আমনের সঙ্গে মিঠুন ও আকাশ নামে আরও দু’জন জড়িত। আর গোটা চক্রের নেপথ্যে ‘গুরুজী’ নামে এক ব্যক্তির নির্দেশেই কারবার চলত বলে অভিযোগ। এখন সেই অদৃশ্য হাতের খোঁজেই তদন্তের জাল আরও বিস্তৃত করছে কন্যাপুর ফাঁড়ির পুলিশ।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়