নবীনের সফরেই সংগঠনে ঝড়, আসানসোলে বদল দুই মহাসচিবের


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান-:

     বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের দু’দিনের বঙ্গ সফরের আবহেই আসানসোলে দলের সাংগঠনিক কাঠামোয় বড়সড় রদবদল। সোমবার জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্যের জারি করা চিঠিতে জেলা মহাসচিব পদে দুই মুখ বদলের কথা জানানো হয়েছে। জাতীয় সভাপতির বঙ্গ সফরটি মূলত সংগঠন পর্যালোচনা ও সাংগঠনিক বৈঠককেন্দ্রিক।

     চিঠি অনুযায়ী, কেশব পোদ্দারকে জেলা মহাসচিবের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তাঁর জায়গায় প্রশান্ত চক্রবর্তীকে আনা হয়েছে। একইভাবে বারাবনির বিধায়ক অরিজিৎ রায়কেও মহাসচিব পদ থেকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে অমিতাভ গরাইকে। নতুন নিয়োগগুলি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের নির্দেশে অবিলম্বে কার্যকর হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

       এই বদল ঘিরে দলের অন্দরে যেমন চর্চা শুরু হয়েছে, তেমনই রাজনৈতিক মহলেও উঠছে নানা প্রশ্ন। কেশব পোদ্দার রাজ্যের মন্ত্রী ডাঃ অজয় পোদ্দারের ছেলে হওয়ায় তাঁর অপসারণ নিয়ে জল্পনা তৈরি হলেও দলীয় চিঠিতে কোনও কারণ জানানো হয়নি। ফলে জল্পনার বাইরে নিশ্চিতভাবে বলার মতো তথ্য আপাতত নেই।

       অন্যদিকে, বিধায়ক অরিজিৎ রায়ের সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ‘এক ব্যক্তি, এক পদ’ নীতির সঙ্গে সম্পর্কিত বলেই রাজনৈতিক মহলের একাংশ মনে করছে। সাম্প্রতিক সাংগঠনিক রদবদরের ক্ষেত্রেও এই নীতির প্রয়োগের নজির রয়েছে।

      নবীনের সফরের মধ্যেই এই বদল যেন স্পষ্ট করে দিল- নির্বাচনের রাজপথের আগে সংগঠনের ঘর গোছানোর কাজও সমান তালে চলছে। তবে এই রদবদলের রাজনৈতিক অভিঘাত কোথায় গিয়ে দাঁড়ায়, তার উত্তর মিলবে আগামী দিনের সংগঠনেই।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়