ক্ষমতার ঘরে ক্ষোভের কড়া নাড়া! অনুব্রতের সামনেই ভাঙল দলের ‘দুর্গ’
সংবাদদাতা, নিউজ হিন্দুস্থান -:
ভোটের ফল প্রকাশের পর প্রথম বার সিউড়ির দলীয় কার্যালয়ে পা রেখেছিলেন অনুব্রত মণ্ডল। ভাবখানা যেন পুরনো ঘরে পুরনো অধিপতির প্রত্যাবর্তন। কিন্তু সেই ঘরের দরজা পেরিয়েই যে এমন ‘অভ্যর্থনা’ অপেক্ষা করছে, তা বোধহয় কারও কল্পনায় ছিল না।
বুধবার পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন তৃণমূল কার্যালয়ে স্থানীয় নেতৃত্বের সঙ্গে কথাবার্তার মাঝেই আচমকা মোটা গাছের ডাল ও লাঠি হাতে ঢুকে পড়েন তিন যুবক। অভিযোগ, অনুব্রতের সামনেই শুরু হয় তাণ্ডব।
এসি থেকে কাচের জানলা, টেবিল-চেয়ার- বাদ যায়নি কিছুই। এমনকী অনুব্রতের সামনে থাকা কাচের টেবিলও ভাঙচুরের হাত থেকে রেহাই পায়নি। তাঁকে মারধর করা না হলেও ফের দেখলে ‘দেখে নেওয়া’র হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। অর্থাৎ, একসময় যে দলীয় কার্যালয় ছিল রাজনৈতিক শক্তির প্রতীক, এদিন সেখানেই যেন কাচের টুকরোয় প্রতিফলিত হল জমে থাকা ক্ষোভের ছবি।
ঘটনার পর তিন যুবককে আটক করেছে পুলিশ। তাঁদের দাবি, দীর্ঘ ১৫ বছর তৃণমূলের আমলে তাঁরা ‘অত্যাচারিত’ ও ‘শোষিত’ হয়েছেন। সেই ক্ষোভ থেকেই হামলা। কোনও রাজনৈতিক দলের সঙ্গে তাঁরা যুক্ত নন বলেও দাবি তাঁদের। যদিও আটক করে নিয়ে যাওয়ার সময় তাঁদের মুখে ‘জয় শ্রীরাম’ স্লোগান শোনা গিয়েছে বলে দাবি অনুব্রত-সমর্থকদের।
নিরাপত্তা চাওয়ার পর পুলিশি এসকর্টে অনুব্রতকে বোলপুরের দিকে নিয়ে যাওয়া হয়। তদন্ত শুরু করেছে পুলিশ।
রাজনীতির মঞ্চে স্লোগান বদলায়, পতাকা বদলায়, ক্ষমতার সমীকরণও বদলায়। কিন্তু সিউড়ির এই ভাঙা কাচ যেন বলে গেল- দরজার বাইরে দাঁড়িয়ে থাকা ক্ষোভ কখনও কখনও দরজা ভেঙেই ভিতরে ঢোকে।
Comments
Post a Comment