ভোটাধিকারের দাবিতে অধিকারের লড়াই: আসানসোলে কংগ্রেসের মহকুমা শাসক দপ্তর অভিযান
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
গণতন্ত্রের সবচেয়ে বড় পরিচয় তার নাগরিকের ভোটাধিকার। কিন্তু আসানসোল পৌর নিগমের ভোটের বাদ্যি বাজার মুখেই সেই অধিকার হারানোর আশঙ্কায় তৈরি হয়েছে এক গভীর উদ্বেগের মেঘ। হাজার হাজার সাধারণ মানুষের নাম ভোটার তালিকা থেকে হঠাৎ উধাও- এই অভিযোগে উত্তাল হয়ে উঠল আসানসোল মহকুমা শাসকের দপ্তর। মঙ্গলবার কংগ্রেসের নেতৃত্বে প্রশাসনিক ভবনের সামনে গর্জে উঠলেন ক্ষুব্ধ নাগরিকেরা।
ভোটাধিকার রক্ষায় সরব হয়ে কংগ্রেসের দাবি, যাঁদের নাম অন্যায়ভাবে বাদ পড়েছে বা যাঁদের নাম সংশোধন ও বিচারপ্রক্রিয়ার জটিলতায় আটকে রয়েছে, তাঁদের সমস্যার দ্রুত নিষ্পত্তি করতে হবে। স্মারকলিপি জমা দিয়ে প্রতিনিধিরা সাফ জানিয়ে দেন, ভোটাধিকার খর্ব করার এই প্রশাসনিক উদাসীনতা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।
সাধারণ মানুষের এই কণ্ঠস্বর কেবল একটি রাজনীতির স্লোগান নয়, এ হলো নাগরিক অধিকার বাঁচিয়ে রাখার আকুল ব্যাকুলতা। যেখানে প্রতিটি একটি ভোট একজন মানুষের পরিচয় বহন করে, সেখানে এমন অনিশ্চয়তা গণতন্ত্রের হৃদপিণ্ডে আঘাতের মতোই। প্রশাসন কি পারবে সময়মতো এই জটিলতার জট কাটিয়ে আমজনতার গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে? উত্তর খুঁজছে আসানসোল।
Comments
Post a Comment