আগ্নেয়গর্ভে কাঁপছে ধরা: ভিটেমাটি তলিয়ে যাওয়ার আতঙ্কে প্রহর গুনছে ধান্দাডিহি
অঙ্কিতা চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
মাটির গভীর থেকে ভেসে আসা এক বিকট গর্জন, আর চোখের পলকে কুয়োর জল নিঃশব্দে তলিয়ে গেল ২০ ফুট নিচে- যেন কোনো অদৃশ্য রূপকথা নয়, এক রূঢ় বাস্তবের করাল গ্রাস।
অন্ডালের ধান্দাডিহি গ্রামের মানুষ আজ এক জীবন্ত আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে প্রহর গুনছেন। মাটি ধসে ধোঁয়ার কুণ্ডলী বার হওয়া থেকে শুরু করে বাড়িঘরের দেওয়ালে প্রকাণ্ড ফাটল- সবই যেন এক মহাবিপর্যয়ের পূর্বাভাস।
ভূগর্ভে হয়তো দাউদাউ করে জ্বলছে অভিশপ্ত কয়লার আগুন, কিংবা তৈরি হয়েছে বিশাল শূন্যতা যা যে কোনো মুহূর্তে গিলে নিতে পারে পুরো গ্রামকে। রাত নামলেই এই আতঙ্কে ঘুম উধাও হাজারও মানুষের চোখ থেকে। ইসিএল (ECL) কর্তৃপক্ষের নির্লিপ্ততায় ক্ষুব্ধ গ্রামবাসীদের হাহাকার আজ বাতাসকে ভারী করে তোলে।
রাণীগঞ্জের বিধায়ক পার্থ ঘোষের কণ্ঠেও সতর্কতার সুর- বারবার এই ধস কোনোভাবেই কাম্য নয়; অবিলম্বে পদক্ষেপ কিংবা নিরাপদ পুনর্বাসনের দাবি তুলেছেন তিনি।
কোনো বড় দুর্ঘটনা ঘটে যাওয়ার আগেই কি ভাঙবে প্রশাসনের ঘুম? ভিটেমাটি হারানোর এক তীব্র আশঙ্কায় শিউরে উঠছেন সবাই- কখন না জানি পায়ের তলার মাটিটুকুও হঠাৎ বিলীন হয়ে যায় কালের গর্ভে।
Comments
Post a Comment