ছাইয়ের চাদরে মুড়ে গেল স্বপ্ন: দিশেহারা অন্ডালের প্রতিবন্ধী পরিবার
অঙ্কিতা চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
শনিবারের শান্ত সাঁঝবেলা হঠাৎই এক নিমেষে গ্রাস করে নিল এক অদম্য লড়াইয়ের গল্পকে। ঘড়ির কাঁটায় তখন রাত সাড়ে আটটা। অন্ডালের মুকুন্দপুর গ্রামের মোড়ে আশা নন্দীর ছোট তেলেভাজার দোকানটি থেকে হঠাৎই লেলিহান শিখা আকাশ ছুঁতে চায়। প্রতিদিনের মতো কড়াইয়ে কগড়াতে থাকা ফুটন্ত তেলই যেন হয়ে উঠেছিল কাল। এক মুহূর্তের অসাবধানতা, আর তাতেই চোখের পলকে ছাই হয়ে গেল ফ্রিজ, প্রয়োজনীয় কাগজপত্র, তিল তিল করে জমানো নগদ ত্রিশ হাজার টাকা এবং বেঁচে থাকার শেষ সম্বলটুকু।
প্রাণভয়ে কোনো রকমে বেরিয়ে আসতে পেরেছিলেন আশা দেবী, কিন্তু তাঁর বুকফাটা আর্তনাদ মিশে গেল গ্রাসের অন্ধকারে। স্বামী শারীরিক প্রতিবন্ধী; এই ছোট্ট দোকানটির নুন-জল আর ঘাম ঝরানো আয়েই চলত সংসার, দুই সন্তানের মুখের হাসি ও পড়ালেখার খরচ। স্থানীয়দের সাহসিকতায় আগুন নিভলেও ততক্ষণে সব শেষ। অন্ডাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও পোড়া কাঠের গন্ধ আর ছাইয়ের স্তূপের মাঝে শুধু পড়ে রইল এক শূন্যতা।
আজ নিঃস্ব এই পরিবারটির একটাই হাহাকার- কীভাবে ঘুরে দাঁড়াবে তারা? কীভাবে ফুটবে মুখের অন্ন? জীবনের নির্মম লড়াইতে সব হারিয়েও আকাশে বাতাসে এখন শুধু প্রতিধ্বনিত হচ্ছে একরাশ দীর্ঘশ্বাস।
Comments
Post a Comment