বাবার লকেটে কুপোকাত হনুমানজী ও পুলিশের আজব খেলা


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

      ​রাজনীতির হাটে বসন্ত আসুক বা না আসুক, অদ্ভুত সব কাণ্ডকারখানার বর্ষা ঠিকই নেমেছে! বাগেশ্বর বাবার বিতর্কিত বাণী নিয়ে রাজ্যজুড়ে যখন প্রতিবাদের ঝড়, তখন থানায় অভিযোগ জানাতে গিয়ে থমকে গেল বিরোধীদের ন্যায়বিচারের রথ।

      ৯ সেপ্টেম্বর প্রদেশের নির্দেশে আসানসোল জেলা প্রদেশ কমিটির সদস্য প্রসেনজিৎ পুইতুন্ডি বাগেশ্বর বাবার বিরুদ্ধে অভিযোগ জানাতে গেলে অদৃশ্য ক্ষমতার ফুঁয়ে সেই এফআইআর হাওয়ায় মিলিয়ে গেল। কিন্তু নাটকের আসল অঙ্ক শুরু হলো পরদিনই!

       ​বিজেপির যুব মোর্চা এক অদ্ভুত তত্ত্ব হাজির করল- বাগেশ্বর বাবার গলায় নাকি হনুমানজীর লকেট ঝুলছিল, তাই বাবাকে কটু কথা বলা মানে সাক্ষাৎ পবনপুত্রকেই অপমান করা! 

      আর অমনি, 'বর্ষাকালের রচনা লিখতে গিয়ে গরুর রচনা' লিখে ফেলার মতো এক আজব যুক্তিতে পুলিশ গ্রেপ্তার করল এক সাধারণ নাগরিককে! বর্তমান শাসকদলের আঙুলের ইশারায় পুলিশ প্রশাসনের এই ডিগবাজি দেখে হতবাক আইনজীবী শম্পা সরকার। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তাঁর অভিযোগ, রাজনৈতিক নির্দেশেই ‘ভুয়ো মামলায়’ সাধারণ মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে। 

      শনিবার দেবেশ চক্রবর্তীর নেতৃত্বে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ আর আদালতের বারান্দায় আইনি লড়াই চলল ঠিকই, তবে মানুষের মুখে মুখে এখন একটাই প্রশ্ন- লকেটের দোহাই দিয়ে যদি এমন অভিনব আইনি মোচড় চলে, তবে রাজনীতির এই মহাজাগতিক রথ আর কতদূর গড়াবে?

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়