ভাঙা রাস্তায় ক্ষোভের সুর - অতীতের দিকে অভিযোগের আঙুল অগ্নিমিত্রার

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

      টানা বৃষ্টিতে যখন রাজ্যের রাস্তা-ঘাট ক্ষতবিক্ষত, জলমগ্ন জনপদে বাড়ছে দুর্ভোগ, তখনই আসানসোলে দাঁড়িয়ে পুরনো সরকারের দিকে অভিযোগের তির ছুড়লেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। শুক্রবার এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁর দাবি, আগের তৃণমূল সরকার রাস্তার মান নিয়ে যথেষ্ট ভাবেনি। একের পর এক টেন্ডার হলেও কাজের গুণমানে আপস করা হয়েছে বলে অভিযোগ তাঁর।

         অগ্নিমিত্রার কথায়, রাস্তা তৈরি হয়েছে মানুষের টাকায়, তাই সেই রাস্তায় নিম্নমানের কাজ মেনে নেওয়া যায় না। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী ১০ অক্টোবরের মধ্যে রাস্তা মেরামতির কাজ শেষ করার লক্ষ্যের কথাও জানান তিনি। নদীভাঙনের দীর্ঘস্থায়ী সমস্যার সমাধানের আশ্বাসও দেন মন্ত্রী।

       বর্ষার জলে যেমন ভাঙনের ভয়, তেমনই জমা জলে ডেঙ্গুর আশঙ্কা। ডেঙ্গু প্রতিরোধে আসানসোলে মেগা ড্রাইভ ও সচেতনতা মিছিলের কথা জানিয়ে সাধারণ মানুষকে জল জমতে না দেওয়ার আবেদন করেন তিনি। তাঁর দাবি, গত বছরের তুলনায় ডেঙ্গু ১৫-১৮ শতাংশ কমেছে।

      এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রা নিয়েও কটাক্ষ করেন অগ্নিমিত্রা। তাঁর মন্তব্য, আদালত অনুমতি দিলেও বিদেশযাত্রা নিয়ে তাঁদের আশঙ্কা রয়েছে। 

     রাজনীতির উত্তাপ আর বর্ষার জলের স্রোত- দুইয়ের মাঝেই আপাতত প্রতিশ্রুতির নতুন সেতু গড়ার বার্তা মন্ত্রীর।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়