কালো হীরের বুকে অধিকারের সুর: পরিবর্তনের ঝড়ে রুখে দাঁড়ানোর অঙ্গীকার
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
কয়লা খনির আঁধার গহ্বরে যেখানে প্রতিদিন জীবন আর জীবিকার লড়াই চলে, সেখানে আজ পরিবর্তনের এক প্রবল উত্তাল হাওয়া। বাণিজ্যিক খনন, আউটসোর্সিং আর নতুন শ্রম আইনের সাঁড়াশে যখন কোল ইন্ডিয়ার শ্রমিকদের ভবিষ্যৎ এক অনিশ্চিত মোড়ে দাঁড়িয়ে, তখন অধিকার রক্ষার দৃপ্ত শপথ ধ্বনিত হলো রানিগঞ্জের কুনুস্তোরিয়া অঞ্চলের বাঁশড়া কোলিয়ারিতে। মাইনিং সুপারভাইজারী সংগঠন 'ইনমোসা' -র উদ্যোগে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সাধারণ সভা রূপ নিল খনিকর্মীদের আত্মমর্যাদা ও দাবি আদায়ের এক ঐক্যবদ্ধ মঞ্চে।
ইনমোসার জাতীয় কার্যকরী সভাপতি বিজয় কুমার সিং এবং ইসিএল ও বিসিসিএল-এর শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে এই সভা যেন খনির গভীরে কর্মরত প্রতিটি শ্রমিকের অব্যক্ত বেদনার কণ্ঠস্বর হয়ে উঠল। বহু বছর ধরে যোগ্যতা অর্জন করেও পদোন্নতির অনিশ্চয়তা, হাজার হাজার কর্মীর পদোন্নতির জট এবং ক্যাডার স্কিমের অসংগতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। যে মেধা ও পরিশ্রম খনির উৎপাদন ও নিরাপত্তাকে সচল রাখে, সেই ইনমোসা সদস্যদের কর্পোরেট সেফটি কমিটিতে যোগ্য প্রতিনিধিত্ব, সমান ও আধুনিক চিকিৎসা সুবিধা এবং প্রযুক্তিগত প্রশিক্ষণের জোরালো দাবি ওঠে এই মঞ্চ থেকে।
যন্ত্রের গর্জন আর বাণিজ্যিকিকরণের চাপে যাতে কোনো শ্রমিকের ঘাম ও রক্ত অবমূল্যায়িত না হয়, তার জন্য ইস্পাতকঠিন ঐক্যের ডাক দেওয়া হয়েছে। মাটির নিচে শত বিপদ মাথায় নিয়ে যারা দেশকে আলোর দিশা দেখান, তাঁদের পদোন্নতি ও নিরাপত্তার সুনিশ্চিত ভবিষ্যৎ গড়তে ইনমোসা আগামী দিনে আরও জোরালো সংগ্রামের সংকল্প গ্রহণ করল। খনির কালো হীরের বুকে রচিত হলো শ্রমিকের আত্মসম্মান রক্ষার এক নতুন আশার গান।
Comments
Post a Comment