কলেজে বইয়ের বদলে রডের শব্দ! সরেজমিনে বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

     শিক্ষাঙ্গনে যেখানে শোনা যাওয়ার কথা পাতার শব্দ, সেখানে যদি শোনা যায় গালিগালাজ, ধাক্কাধাক্কি আর লোহার রডের ঠকঠকানি- তবে প্রশ্ন ওঠে, কলেজটি কি সত্যিই শিক্ষার জায়গা হয়ে আছে? আসানসোলের বিবি কলেজে সাম্প্রতিক গোলমাল ঘিরে সেই প্রশ্নই আরও জোরালো।

    গত সোমবার কলেজের একটি অনুষ্ঠানে পড়ুয়াদের মধ্যে মারামারি, অধ্যক্ষের সঙ্গে অভব্য আচরণ এবং ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। ঘটনার খবর পেয়ে বুধবার কলেজে যান আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। অধ্যক্ষ  ডাঃ অমিতাভ বসুর সঙ্গে কথা বলার পাশাপাশি কলেজ চত্বর ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি।

      বিধায়কের দাবি, ৪ তারিখের পর একই ধরনের ঘটনা প্রায় পাঁচবার ঘটেছে। একদিনেই ৫০-৬০টি ফোন ও মেসেজ পেয়েছেন তিনি। প্রায় সাড়ে ৮ হাজার পড়ুয়ার কলেজে বারবার এমন ঘটনা ঘটলে বড় দুর্ঘটনার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না বলে মন্তব্য করেন তিনি। তাঁর অভিযোগ, অধ্যক্ষের বোর্ড পর্যন্ত লোহার রড দিয়ে ভাঙচুর করা হয়েছে।

      বহিরাগতদের প্রবেশের অভিযোগও খতিয়ে দেখার দাবি জানিয়েছেন বিধায়ক। তাঁর সাফ কথা, ছাত্র হলে ছাত্রের মতো আচরণ করতে হবে। কলেজে গুন্ডাগিরি বরদাস্ত করা হবে না।
তবে অধ্যক্ষের রাজনৈতিক মতাদর্শ নিয়ে ওঠা অভিযোগে তিনি সতর্ক। তাঁর বক্তব্য, ব্যক্তিগত রাজনৈতিক মত থাকা আর কলেজে রাজনীতি করা এক বিষয় নয়। প্রশাসনিক সিদ্ধান্ত নেবে উচ্চশিক্ষা দফতর।

     শেষ পর্যন্ত প্রশ্ন একটাই- যে হাতে বই থাকার কথা, সেই হাতে যদি রড ওঠে, শিক্ষাঙ্গনের ভবিষ্যৎ কোথায় দাঁড়াবে?

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়