থমকে থাকা শহরের চোখে নতুন ভোর— স্বপ্ন বদলের নকশা আসানসোলে


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

      শিল্পের ধোঁয়া, ব্যস্ত রাস্তায় যানজট আর পুরনো পরিকাঠামোর ভার- এই পরিচিত ছবির বাইরে এবার যেন নতুন করে স্বপ্ন দেখতে চাইছে আসানসোল। আগামী দিনের শহরকে সামনে রেখে তৈরি হচ্ছে এক দীর্ঘমেয়াদি উন্নয়নের রূপরেখা। লক্ষ্য শুধু আজকের যানজট সামলানো নয়, আগামী ৩০ বছরে বাড়তে থাকা জনসংখ্যা ও যানবাহনের চাপকে মাথায় রেখে গড়ে তোলা এক নতুন আসানসোল।

      পরিকল্পনার তালিকায় রয়েছে এলিভেটেড করিডর, দামোদরের উপর নতুন সেতু, বিকল্প সড়ক, নতুন টাউনশিপ। পাশাপাশি শিল্পের জন্য জমি এবং দীর্ঘদিন বন্ধ হয়ে পড়ে থাকা কারখানার জমিকে ফের উৎপাদন ও কর্মসংস্থানের কাজে ফিরিয়ে আনার ভাবনাও রয়েছে। অর্থাৎ, যে জমিতে একদিন শিল্পের চাকা থেমে গিয়েছিল, সেখানেই ফের কর্মসংস্থানের আলো জ্বালানোর প্রত্যাশা।

      মন্ত্রী অগ্নিমিত্রা পালের বক্তব্য, পরিকল্পনাগুলি তৈরি করা হচ্ছে আগামী তিন দশকের জনসংখ্যা ও যানবাহন বৃদ্ধির কথা মাথায় রেখেই।

     একটি শহরের উন্নয়ন কেবল কংক্রিটের উঁচু সেতু বা প্রশস্ত রাস্তার গল্প নয়; তার সঙ্গে জড়িয়ে থাকে মানুষের স্বপ্ন, জীবিকার নিশ্চয়তা এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ পথচলা। 

         তাই এই পরিকল্পনা বাস্তবায়িত হলে আসানসোলের পুরনো শিল্পনগরীর বুকেই হয়তো লেখা হবে নতুন অধ্যায়ের প্রথম পাতা- যেখানে অতীতের গৌরব হাত ধরে এগিয়ে যাবে ভবিষ্যতের সম্ভাবনার দিকে।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়