দেড় শতকের নীরব স্মৃতির বিদায়: কালের আবর্তে ভেঙে পড়ল ঐতিহ্যবাহী মহীরুহ
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
জামুরিয়ার নাগেশ্বর কোলিয়ারির ৮ নম্বর এলাকায় বাতাস যেন আজ এক গভীর বিষাদে ভারাক্রান্ত। দেড়শো বছরের স্মৃতি, অসংখ্য ঋতু বদলের নীরব সাক্ষী সেই সুপ্রাচীন বিশাল অশ্বত্থ গাছটি আর নেই। এক চিরচেনা ইতিহাস যেন বিকট শব্দে ধূলিসাৎ হয়ে গেল মুহূর্তের প্রলয়ংকরী আঘাতে।
হুড়মুড়িয়ে ভেঙে পড়া মহীরুহের বিপুল ভারে গুঁড়িয়ে গিয়েছে একটি আস্ত বসতবাড়ি, চুরমার হয়ে গিয়েছে পাশে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি। সৌভাগ্যক্রমে ঘটনার সময় বাড়িতে কেউ না থাকায় এক ভয়াবহ অলৌকিক রেহাই মিলেছে প্রাণহানির হাত থেকে, কিন্তু ক্ষয়ক্ষতির চিহ্ন রয়ে গিয়েছে গভীর ক্ষত হয়ে।
দীর্ঘদিন ধরে যে বৃক্ষ কোলিয়ারিবাসী ও পথশ্রান্ত মানুষকে স্নিগ্ধ ছায়া জোগাত, লাগাতার বৃষ্টিতে তার আলগা হওয়া গোড়া আর ফাঁপা কাণ্ড আর প্রতিরোধ গড়তে পারেনি। শিকড় ছিঁড়ে তার এই করুণ পতন কেবল এক প্রাকৃতিক দুর্ঘটনা নয়, বরং কালের অমোঘ নিয়মে একটি যুগের নিঃশব্দ অবসানের বেদনাময় রূপক। ইতিহাস হারানো কোলিয়ারিতে আজ তাই ছড়িয়ে কেবলই স্বজন হারানোর নীরব হাহাকার।
Comments
Post a Comment