অঝোর বৃষ্টিতে জলবন্দি আসানসোল উত্তর, দুর্ভোগে সাধারণ মানুষ
চিত্তরঞ্জন প্রসাদ, নিউজ হিন্দুস্থান -:
লাগাতার দু’দিনের ভারী বৃষ্টিতে আসানসোল উত্তর বিধানসভা এলাকার জনজীবন কার্যত বিপর্যস্ত। দিলদারনগর, রামকৃষ্ণ ডাঙাল, চাঁদমারি সহ একাধিক এলাকায় বৃষ্টির জল জমে রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়েছে। নিচু এলাকাগুলিতে পরিস্থিতি আরও গুরুতর হওয়ায় স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন চলাচলে ব্যাপক সমস্যা দেখা দিয়েছে।
জল জমে থাকার কারণে পথচারীদের পাশাপাশি সমস্যায় পড়ছেন মোটরবাইক ও ছোট গাড়ির চালকেরাও। বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার একাংশ জলের তলায় চলে যাওয়ায় যান চলাচল ধীর হয়ে পড়েছে। নিত্যপ্রয়োজনীয় কাজে বেরিয়ে জল পেরিয়ে গন্তব্যে পৌঁছতে হচ্ছে বহু মানুষকে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতি বর্ষাতেই জলনিকাশি ব্যবস্থার দুর্বলতার কারণে একই সমস্যার পুনরাবৃত্তি ঘটে। তাঁদের দাবি, জমে থাকা জল দ্রুত সরানোর পাশাপাশি নালা-নর্দমা নিয়মিত পরিষ্কার, পর্যাপ্ত ড্রেনেজ এবং জলনিকাশির স্থায়ী পরিকাঠামো গড়ে তোলা প্রয়োজন।
বৃষ্টিপাত অব্যাহত থাকায় পরিস্থিতি এখনও উদ্বেগজনক। জলমগ্ন এলাকাগুলিতে প্রশাসন ও পুরনিগমের দ্রুত পদক্ষেপের দিকেই তাকিয়ে স্থানীয়রা।
Comments
Post a Comment