১৪ দাবিতে ঠিকা শ্রমিকের বজ্রকণ্ঠ - শ্রমিক ক্ষোভে উত্তাল জামুড়িয়া


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

      কারখানার চাকা ঘোরে শ্রমিকের ঘামে, অথচ সেই শ্রমিকের অধিকারই যখন অনিশ্চিত—তখন গেটের সামনে জমে ওঠে ক্ষোভের মিছিল। শুক্রবার সকাল থেকে জামুড়িয়ার গগন এসটিপিএল কারখানার প্রধান ফটকে এমনই ছবি দেখা গেল। ১৪ দফা দাবি সামনে রেখে ঠিকা শ্রমিকদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে কারখানা চত্বর।

      ভারতীয় জনতা মজদুর সেলের নেতৃত্বে বিক্ষোভে শামিল হন অসংখ্য ঠিকা শ্রমিক। তাঁদের দাবির মধ্যে ছিল ন্যূনতম মজুরি, পর্যাপ্ত নিরাপত্তা কিট, আট ঘণ্টা ডিউটি, মাসে চারটি বেতন-সহ ছুটি এবং প্রতি মাসের ৭ তারিখের মধ্যে মজুরি প্রদান। একইসঙ্গে স্পঞ্জ আয়রন কারখানার সমহারে বেতনের দাবিও ওঠে।

     সংগঠনের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি শিবদাস বাউরি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ঠিকা শ্রমিকরা বঞ্চিত। ঠিকাদারদের সঙ্গে ‘সেটিং’ করে দুর্নীতি বরদাস্ত করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন। তাঁর বক্তব্যে হেমন্ত সিংকে ঘিরেও ওঠে তীব্র আক্রমণাত্মক অভিযোগ।

       অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে ছিল জামুড়িয়া থানার কেন্দা ফাঁড়ির পুলিশ। পরে প্রতিনিধিদল কর্তৃপক্ষের হাতে স্মারকলিপি তুলে দেয়। কর্তৃপক্ষ দ্রুত সমাধানের আশ্বাস দিলে বিক্ষোভ ওঠে, তবে দাবি না মিটলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন শ্রমিকরা।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়