অন্নহীন অন্নপূর্ণার বঞ্চনার সুর: আসানসোলে উত্তপ্ত ক্ষোভ ও রাজনৈতিক স্লোগানের ঝড়
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
পুজোর মুখে যখন চারদিকে আলো আর আনন্দের সাজ সাজ ররব, তখন ইন্ডাস্ট্রিয়াল বেল্ট আসানসোলের আকাশে-বাতাসে আছড়ে পড়ল এক চরম ক্ষোভ আর বঞ্চনার করুণ সুর। 'অন্নপূর্ণা যোজনা'র সুবিধার জন্য ঘরে ঘরে গিয়ে তদন্ত হলো, ফোনের পর ফোনে চলল যাচাইয়ের পর্ব- তবু দিন শেষে ব্যাঙ্ক অ্যাকাউন্টের শূন্যতা ঘোচেনি। যোগ্যতার সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েও প্রাপ্য অর্থ না পাওয়ার যন্ত্রণায় সোমবার আসানসোল মহকুমা শাসকের দফতরের সামনে ফেটে পড়ল শত শত ক্ষুব্ধ নারীর তীব্র প্রতিবাদ।
দফতরের প্রাঙ্গণ থেকে শুরু হওয়া সেই ক্ষোভের ঢেউ মুহূর্তেই আছড়ে পড়ে রাজপথে। মহিলারা রাস্তায় নেমে অবরোধ শুরু করতেই স্তব্ধ হয়ে যায় আসানসোল শহরের যান চলাচল। যে প্রকল্পের নাম 'অন্নপূর্ণা', তার সুবিধা পেতেই আজ গৃহবধূদের রাজপথে ধুলো মাখতে হচ্ছে- প্রশাসনের এই চরম উদাসীনতাকে বিঁধে তৈরি হয় এক গভীর শ্লেষাত্মক চিত্র। নথিপত্র জমা দিয়েও কেন বারেবারে প্রশাসনের দরজায় কড়া নাড়তে হবে, সেই প্রশ্নেই সোচ্চার হন বিক্ষোভরত মা-বোনেরা।
তবে এদিনের এই ক্ষোভ কেবল প্রশাসনিক অব্যবস্থাতেই সীমাবদ্ধ থাকেনি; বিক্ষোভকারীদের একাংশের চড়া রাজনৈতিক সুরে আসানসোলের রাজপথ হয়ে ওঠে এক তপ্ত রাজনৈতিক ময়দান। বিশেষত সংখ্যালঘু সম্প্রদায়ের বিপুল উপস্থিতি এবং কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ‘মোদি হটাও, দেশ বাঁচাও’ স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে মহকুমা শাসকের দফতর। সঙ্গে উঠে আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে রাজনৈতিক ধ্বনিও।
Comments
Post a Comment