চিত্তরঞ্জনের পাঁজরভাঙায় বদ্ধ ঘর থেকে উদ্ধার নিখোঁজ রেলকর্মীর কঙ্কাল

 সংবাদদাতা, নিউজ হিন্দুস্থান -:

     সময়ের ধুলো জমেছিল যে চৌকাঠে, সোমবার তারই আড়ালে মিলল পাঁচ বছর ধরে হারিয়ে থাকা এক মানুষের জীর্ণ অবয়ব। এডিপিসি- র চিত্তরঞ্জন রেল শহরের ১১ নম্বর রাস্তার ১১/বি কোয়ার্টার্সের ভেতর থেকে উদ্ধার হলো নিখোঁজ রেলকর্মী প্রকাশ চন্দ্র রাউত রায়ের (৫৯) কঙ্কাল। যে হাত একদিন নিঃস্বার্থভাবে জড়িয়ে ধরত সমাজের অবহেলিত শৈশব, সেই মানুষটাই আজ নিছক কিছু হাড়গোড়- পুজোর বেদির ঠিক পাশেই দীর্ঘনিঃশ্বাসের মতো পড়ে রইল।

    ​২০২১ সাল থেকে নিখোঁজ ছিলেন প্রকাশবাবু। আত্মীয়দের অক্লান্ত খোঁজখুঁজি, বিজ্ঞাপনের আকুতি- সবকিছু হারিয়ে গিয়েছিল সময়ের অন্তরালে। ২০২৩ সালে থানায় ডায়েরি হলেও খোঁজ মেলেনি। অবশেষে চলতি বছরের এপ্রিল মাসে পরিবার কোয়ার্টার্সের তালা খোলে। কিন্তু প্রশ্ন উঠছে, গত পাঁচ মাস ধরে পরিবার নিয়মিত যাতায়াত করা সত্ত্বেও যে ঘরে পুজো হতো, তার কোণায় থাকা অবয়ব কেন এতদিন চোখে পড়েনি?
​
         ​একসময়ের পরোপকারী এই মানুষটির জীবনের শেষ অধ্যায় জুড়ে ছিল কেবল মানসিক চাপ। এটি কি নিছকই নিঃসঙ্গতার করুণ পরিণতি, কোনো অন্তিম অবসাদের অভিঘাত, নাকি গভীর ষড়যন্ত্রের শীতল চাদরে মোড়া কোনো রহস্য? হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ স্ত্রীর শূন্য বিছানার পাশে এই খবর যেন এক পাথরসমান শোক হয়ে নেমে এসেছে।

      ​পুলিশ ও ফরেনসিক দল যৌথভাবে ঘটনার গভীরে পৌঁছানোর চেষ্টা করছে। উত্তরহীন এই ধোঁয়াশার চাদর ভেদ করে সত্যের আলো কবে ফুটবে, এখন সেটাই দেখার।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়