দুই দশকের ঘুম ভেঙে ভোটের আলোয় রূপনারায়ণপুর বাজার


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:

    দুই দশকের নীরবতা ভেঙে অবশেষে ভোটের আলোয় ফিরল রূপনারায়ণপুর বাজার। দীর্ঘ ২০ বছর পর ব্যবসায়ী সমিতির নির্বাচনে যেন নতুন করে প্রাণের স্পন্দন অনুভব করলেন দোকানদার থেকে সাধারণ ব্যবসায়ীরা। পুলিশ প্রশাসনের উপস্থিতিতে সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হল ভোটগ্রহণ। মোট ৬০৫ জন ভোটারের মধ্যে ভোট দিলেন ৪৯৫ জন।

       ২০০৬ সালে শেষবার নির্বাচন হয়েছিল রূপনারায়ণপুর বাজার ব্যবসায়ী সমিতিতে। নিয়ম ছিল, প্রতি তিন বছর অন্তর নির্বাচনের মাধ্যমে কার্যনির্বাহী কমিটি গঠিত হবে। কিন্তু সেই নিয়মের পথ থমকে যায়। দীর্ঘদিন ধরে পুরনো কমিটিই কার্যত জোড়াতালি দিয়ে সংগঠন চালিয়েছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। তাঁদের দাবি, বাজার ব্যবস্থাপনা, সংগঠনের রেজিস্ট্রেশন, কার্যালয় কিংবা মহিলা-পুরুষের জন্য কার্যকর শৌচাগার- কোনও ক্ষেত্রেই দৃশ্যমান উন্নয়ন হয়নি।

      এবার তাই পরিবর্তনের প্রত্যাশায় ভোটের সারিতে দাঁড়িয়েছেন ব্যবসায়ীরা। সভাপতি পদে বিশ্বনাথ রুজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। তাঁর কথায়, এবার লক্ষ্য একটি ঐক্যবদ্ধ, শক্তিশালী ও ব্যবসায়ীবান্ধব সংগঠন গড়ে তোলা। বাজারের নোংরা-আবর্জনা, শৌচাগারের অভাব এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থার দুর্বলতার মতো সমস্যাগুলির সমাধানে প্রশাসনের দ্বারস্থ হওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি।

      ছয়টি সেক্টরে বিভক্ত এই নির্বাচনে অধিকাংশ সেক্টরেই প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। তবে সম্পাদক পদে লড়াই ছিল সরাসরি। স্বপন কুমার দাঁ পেয়েছেন ২৮২ ভোট, সোমনাথ তেওয়ারী পেয়েছেন ২১০ ভোট। বাতিল হয়েছে তিনটি ভোট। ফলে সম্পাদক পদে জয়ী হয়েছেন স্বপন কুমার দাঁ।

    দীর্ঘ অচলাবস্থার পরে এই নির্বাচন যেন পুরনো বাজারের দেওয়ালে নতুন রঙের প্রথম আঁচড়। ব্যবসায়ীদের প্রত্যাশা- এবার শুধু পদ নয়, কাজও কথা বলবে; ভোটের কালি শুকিয়ে গেলে উন্নয়নের পথও খুলবে।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়