জলাধারের গেট খুলতেই বাড়ছে শঙ্কা, ফুলছে দামোদর, মাইথন-পাঞ্চেতে জলের স্রোতে আতঙ্ক
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
আকাশজুড়ে বর্ষার কালো ভ্রুকুটি, আর তারই মধ্যে জলাধারের গেট খুলে বাড়ছে জলের স্রোত। মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধিতে দামোদর অববাহিকার বিস্তীর্ণ এলাকায় নতুন করে তৈরি হয়েছে উদ্বেগ ও আতঙ্ক।
ডিভিসি সূত্রে জানা গিয়েছে, বর্তমানে মাইথন জলাধার থেকে ৭৮,২৩৪ একর-ফিট জল ছাড়া হচ্ছে। অন্যদিকে পাঞ্চেত জলাধার থেকেও বেড়েছে জল ছাড়ার পরিমাণ। বর্তমানে সেখানে ১ লক্ষ ১৬ হাজার ৪০২ একর-ফিট জল ছাড়া হচ্ছে বলে জানা গিয়েছে।
টানা বৃষ্টির জেরে নদী-নালা ও জলাশয়গুলির জলস্তর এমনিতেই ঊর্ধ্বমুখী। তার উপর জলাধার থেকে বিপুল পরিমাণ জল ছাড়ার ঘটনায় নদী তীরবর্তী ও নিচু এলাকার মানুষের কপালে চিন্তার ভাঁজ আরও গভীর হয়েছে। কোথাও জল বাড়ার আশঙ্কা, কোথাও আবার প্লাবনের ভয়- প্রকৃতির এই জলরোষে রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে উৎকণ্ঠা।
প্রশাসনের তরফে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। তবে জলাধারের গেট দিয়ে অবিরাম ছুটে চলা জল যেন নিঃশব্দেই বলে দিচ্ছে- বর্ষা এখনও থামেনি, বিপদের আশঙ্কাও নয়।
Comments
Post a Comment