জাফরানি আবিরে রাঙা নুনি: অবসান হলো দীর্ঘ রোদনের, সূচনা নতুন ভোরের
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
পনেরো বছরের পুঞ্জীভূত অন্ধকার আর উপেক্ষার প্রাচীর ভেঙে অবশেষে বারাবনির বুকে ফুটল নতুন আশার আলো। নুনি গ্রাম পঞ্চায়েতের পলিমাটিতে লেগে থাকা দীর্ঘদিনের স্বজনপোষণ আর বঞ্চনার ক্ষতে মলম দিয়ে শাসককে সরিয়ে শুরু হলো এক নতুন অধ্যায়ের।
শুক্রবারের বিশেষ বৈঠকে সমস্ত সদস্যের উপস্থিতিতে যখন নতুন প্রধান পদে ঋতু বাউরি এবং উপপ্রধান হিসেবে সীমা মণ্ডলের নাম ঘোষিত হলো, তখন তা কেবল এক রাজনৈতিক পট পরিবর্তন ছিল না- তা ছিল অবহেলিত সাধারণ মানুষের বহু প্রতীক্ষিত নিঃশ্বাসের জয়গান।
সংবাদের বার্তা ছড়িয়ে পড়তেই নুনি পঞ্চায়েত প্রাঙ্গণ পরিণত হলো এক বসন্ত উৎসবে। দলীয় কর্মীদের হাতে হাতে ছড়িয়ে পড়া জাফরানি আবির যেন ধুয়ে মুছে দিতে চাইল এতদিন ধরে চলা কাঁচা মাটির জমাট বাঁধা যন্ত্রণা।
স্থানীয় নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দিলেন, বিগত দেড় দশকে যে কাটমানি আর দুর্নীতির বিষবাষ্পে রুষ্ট হয়েছিল জনজীবন, এবার তা থেকে মুক্তি পাবে নুনি। গৃহহীন যোগ্য পরিবার পাবে মাথা গোঁজার নিজস্ব পাকা ছাদ, জীর্ণ রাস্তা সংস্কার আর আধুনিক নিকাশি ব্যবস্থায় ফিরে আসবে অঞ্চলের শ্রী।
তবে সব কোলাহল ছাড়িয়ে সবচেয়ে মধুর শোনালো নবনির্বাচিত প্রধানের অঙ্গীকার। ক্ষমতার দম্ভ নয়, জনসেবার সংকল্প কণ্ঠে নিয়ে তিনি স্পষ্ট ঘোষণা করলেন- দলমত নির্বিশেষে এই মাটির প্রতিটি মানুষের দুঃখ-কষ্ট দূর করাই হবে তাঁর একমাত্র ব্রত।
আস্থার এই নতুন সোপানে দাঁড়িয়ে নুনি আজ বুক বাঁধছে এক সোনালী আগামীর আশায়, যেখানে থাকবে না বঞ্চনা, থাকবে কেবল সততা আর সমৃদ্ধির প্রকাশ।
Comments
Post a Comment