ধ্বংসস্তূপে আট কোয়ার্টার, বিপদের আগে সতর্কতার হাতুড়ি


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

       বিপদ কখনও দরজায় কড়া নাড়ার সময় দেয় না। কখনও একটি ফাটল, কখনও ভেঙে পড়া ছাদ- নীরবে জানান দেয় আসন্ন বিপর্যয়ের। সেই আশঙ্কাকেই সামনে রেখে বৃহস্পতিবার জামুড়িয়ার ইসিএলের শ্রীপুর-সাতগ্রাম অঞ্চলের গিরমিট ১০ নম্বর এলাকায় শুরু হল বড়সড় অভিযান। বুলডোজারের আঘাতে মাটিতে মিশে গেল দীর্ঘদিনের ঝুঁকিতে থাকা আটটি জরাজীর্ণ সি-টাইপ কোয়ার্টার।

       ইসিএল সূত্রে জানা গিয়েছে, আবাসনগুলি এতটাই ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল যে সেখানে বসবাস করা কার্যত বিপদকে ঘরে ডেকে আনার সমান। তবু জীবিকার টানে কয়েকটি পরিবার সেখানে বসবাস করছিল। দুর্ঘটনার আশঙ্কা বুঝে আগেই কোয়ার্টার খালি করার লিখিত নোটিশ দেওয়া হয়। বৃহস্পতিবার সকালেই বাসিন্দারা ঘর ছাড়েন। এরপর পুলিশি নিরাপত্তায় শুরু হয় ভাঙার কাজ।

     অভিযান ঘিরে মোতায়েন ছিল জামুড়িয়া থানার পুলিশ, সিআইএসএফ এবং ইসিএলের এরিয়া সিকিউরিটি টিম। এইচআর বিভাগের ডেপুটি ম্যানেজার জয়শ্রী যাদব জানান, জনসুরক্ষা ও দুর্ঘটনা এড়াতেই এই সিদ্ধান্ত।

     জরাজীর্ণ ভবন শুধু ইট-পাথরের কাঠামো নয়- সেগুলি কখনও কখনও মৃত্যুর নীরব ফাঁদ। তাই বিপদ ঘটার অপেক্ষা নয়, বিপদের আগেই সতর্ক হওয়াই প্রকৃত নিরাপত্তা।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়