রাস্তা নয়, যেন নদী- দুর্গাপুরে জলের স্রোতে থমকে জনজীবন
অঙ্কিতা চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
রাস্তা দেখে মনে হচ্ছে, শহরের বুক চিরে বয়ে চলেছে এক আস্ত নদী। দুর্গাপুরের এমএএমসি উড়ালপুলের নিচে সেই জলমগ্ন পথেই আচমকা বিকল হয়ে পড়ল একটি চারচাকা গাড়ি। শেষ পর্যন্ত গাড়ি থেকে নেমে সেটিকে ঠেলেই পার করতে হল। ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে টানা বৃষ্টিতে দক্ষিণবঙ্গ বিপর্যস্ত। তারই নির্মম ছবি ধরা পড়ল দুর্গাপুরে।
শহরের একাধিক নিচু এলাকা এখন জলের তলায়। কোথাও হাঁটুসমান জল, কোথাও রাস্তা আর জলাশয়ের মধ্যে ফারাক বোঝাই দায়। এমএএমসি উড়ালপুলের নিচে বিপুল জল পেরিয়েই ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। দুর্গাপুর স্টেশন বাজার, লিলুয়াবাঁধ, রানীপাড়া এবং বেনাচিতির সুকান্ত পল্লিতেও একই দুর্ভোগ। সাধারণ মানুষকে কার্যত জল ঠেলেই যাতায়াত করতে হচ্ছে।
মুষলধারে বৃষ্টিতে স্তব্ধ স্টিল পার্কের গুরুত্বপূর্ণ রাস্তা। বিস্তীর্ণ অংশ জলের তলায়, কোথাও ছোট নদীর চেহারা নিয়েছে পথ। প্রতিদিনের হাজার হাজার গাড়ি এখন ধীরগতিতে জল কেটে এগোচ্ছে। কোথায় রাস্তা, কোথায় জল- বোঝা কঠিন। যানজটের আশঙ্কাও বাড়ছে।
প্রকৃতিকে থামানো না গেলেও জল নামার পথ তৈরি করা যায়। কিন্তু দুর্গাপুরে সেই পথই যেন প্রশাসনের নজরের বাইরে। শহর ডুবছে জলে, আর প্রশ্ন উঠছে- উন্নয়নের এত আলো, নিকাশির অন্ধকারে তবে কোথায় হারাল?
Comments
Post a Comment