তারুণ্যের রঙে রাঙা রাজপথ: মঞ্চে স্বপ্নের ডানামেলা
অঙ্কিতা চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
শিল্পনগরীর যান্ত্রিক কোলাহল চিরে আজ দুর্গাপুর এনএসএইচএম নলেজ ক্যাম্পাসের আঙিনায় নেমে এসেছিল এক মায়াবী বসন্ত। কলেজপড়ুয়াদের সুপ্ত প্রতিভা, অদম্য আত্মবিশ্বাস আর সৃজনশীলতার ঝলকানিতে প্রাণবন্ত হয়ে উঠল গোটা ক্যাম্পাস।
এনএসএইচএম বিজনেস স্কুল এবং রেড এফএম ৯৩.৫-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘কলেজ কে তাশানবাজ’-এর বাছাই পর্ব যেন হয়ে উঠল এক মুক্ত আকাশের ক্যানভাস, যেখানে একশ কুড়িরও বেশি স্বপ্নাতুর চোখ ডানা মেলল নিজেদের অনন্য প্রতিভায়।
গান, নাচ আর ক্যাটওয়াকের ছন্দে ছন্দে যখন এক একজন প্রতিযোগী মঞ্চে উঠে এলেন, তখন ক্যাম্পাসের বাতাসে ছড়ালো রোমাঞ্চের এক বিদ্যুৎতরঙ্গ। গলার নিখুঁত সুর, লয়-তালের ছন্দবদ্ধ পদক্ষেপ কিংবা আত্মবিশ্বাসী র্যাম্প ওয়াক—প্রতিটি মুহূর্তেই দর্শকাশনে বসা সহপাঠীদের উচ্ছ্বসিত হাততালি আর উন্মাদনা ছুঁয়ে গেল আকাশকে।
রেড এফএম-এর স্টেশন প্রধান কৌশভ বসু, আরজে সোনিয়া, শুভ, কৌশিক মাঝি, আকাশমণি চক্রবর্তী ও সুদীপ্ত দে-দের উপস্থিতি যেন আগুনে ঢালল নতুন উৎসাহের জ্বালানি। কেবল ট্রফি জয়ের লড়াই নয়, এ ছিল নিজেদের চেনার, উন্মুক্ত মঞ্চে আত্মপ্রকাশের এক অনন্য সুযোগ।
তারুণ্যের এই উৎসব শুধু প্রতিভার জয়গান গায়নি, তা হাজারও আলোর দ্যুতি ছড়িয়ে দিয়ে গেছে নবীন মনগুলোতে। উৎসবের আবহ আর রোমাঞ্চকর পরিবেশনার সমাহারে ‘কলেজ কে তাশানবাজ’-এর এই মেলা এনএসএইচএম-এর ইতিহাসে রচে গেল স্বপ্নপূরণের এক চিরস্মরণীয় কোলাজ।
Comments
Post a Comment