নিয়ামতপুরে সাইবার অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৭
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
সাইবার অপরাধের অন্ধকার জাল যতই নিঃশব্দে ছড়াক, পুলিশের নজর এড়ানো কঠিন- নিয়ামতপুরে রাতের অভিযানে ফের তারই প্রমাণ মিলল। সাইবার অপরাধীদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ২৯ সেপ্টেম্বর রাতে কুলটি থানার নিয়ামতপুর এলাকায় অভিযান চালায় আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাইবার অপরাধের সঙ্গে বিভিন্নভাবে জড়িত থাকার অভিযোগে ওই অভিযানে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় ছ’টি মোবাইল ফোন ও দু’টি মোটরসাইকেল উদ্ধার হয়।
পুলিশের প্রাথমিক অনুমান, অপরাধমূলক কর্মকাণ্ড থেকে উপার্জিত অর্থ দিয়েই ওই যানবাহনগুলি কেনা হয়ে থাকতে পারে। উদ্ধার সামগ্রী নিয়ে তদন্ত শুরু হয়েছে এবং পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
আগস্টের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হওয়া ‘অপারেশন প্রহার’-এর আওতায় সাইবার অপরাধে জড়িত থাকার অভিযোগে এখনও পর্যন্ত মোট ১১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সাইবার প্রতারণার অদৃশ্য ফাঁদ ছিন্ন করতে অভিযান আরও জোরদার করার বার্তাই দিয়েছে আসানসোল-দুর্গাপুর পুলিশ।
Comments
Post a Comment