নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ, কাঁকসায় গ্রেফতার তিন যুবক
সংবাদদাতা, নিউজ হিন্দুস্থান -:
প্রায় এক মাস ধরে ভয়ের অন্ধকারে চাপা পড়ে ছিল নির্মমতার এক অভিযোগ। মুখ খুললেই প্রাণনাশের হুমকি- সেই আতঙ্কে নীরবে সহ্য করছিল এক নাবালিকা। শেষ পর্যন্ত কান্নায় ভেঙে দিল সেই নীরবতার দেওয়াল। নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে কাঁকসা থানার পুলিশ তিন যুবককে গ্রেফতার করেছে। ঘটনায় এলাকায় ছড়িয়েছে তীব্র উত্তেজনা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় এক মাস আগে ওই নাবালিকার উপর যৌন নির্যাতন চালানোর অভিযোগ ওঠে তিন যুবকের বিরুদ্ধে। ঘটনার কথা কাউকে জানালে গুরুতর পরিণতির হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ। আতঙ্ক ও মানসিক যন্ত্রণায় দীর্ঘদিন মুখ বন্ধ রেখেছিল সে।
সোমবার রাতে পরিবারের সঙ্গে খাওয়াদাওয়ার পর শুতে যাওয়ার সময় হঠাৎ কান্নায় ভেঙে পড়ে নাবালিকা। মেয়ের কান্নায় সন্দেহ হয় পরিবারের সদস্যদের। জিজ্ঞাসাবাদের পর কেঁদে কেঁদে গোটা ঘটনা জানায় সে। এরপরই আর দেরি না করে কাঁকসা থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবার।
অভিযোগের ভিত্তিতে পকসো আইনে মামলা রুজু করে তদন্তে নামে পুলিশ। তিন অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পেশ করা হয়েছে। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের পাশাপাশি ফরেন্সিক তদন্তও শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। নির্যাতিতার পরিচয় গোপন রাখা হয়েছে।
Comments
Post a Comment