নীরব জলে জমাট রহস্য: গামছা-সাইকেল পাহারায়, পুকুরপাড়ে নেই সন্দীপ
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
সকালের সোনালি আলো যখন জামবাদের চেনা আকাশ ছুঁয়ে যাচ্ছিল, তখনও পুকুরপাড়ের হাওয়ায় ভেসে বেড়াচ্ছিল অজানা আতঙ্কের এক শীতল স্রোত। একটি জং-ধরা সাইকেল, ভিজে যাওয়া চেনা গামছা- মাটিতে পড়ে থাকা এই দুটি নিঃসঙ্গ বস্তুই এখন এক অমীমাংসিত হাহাকারের প্রতীক। যার আসার কথা ছিল কাজ থেকে ফিরে চালের হাঁড়িতে ভাত চড়ানোর সংবাদ নিয়ে, সেই ৩৭ বছরের দিনমজুর সন্দীপ বাউরী আজ নিখোঁজ।
প্রতিদিনের অভ্যাসমতো শুক্রবার সকালে স্নান করতে পুকুরঘাটে গিয়েছিলেন সন্দীপ। ভেবেছিলেন স্নানটি সেরে সোজা চলে যাবেন দিনমজুরির কাজে। কিন্তু বেলা গড়িয়ে সন্ধ্যা নামলেও ঘরে ফেরেনি সেই পরিশ্রমী মুখ।
প্রতীক্ষার প্রহর দীর্ঘ হতে হতে রূপ নেয় আশঙ্কায়। বিকেলে পুকুরপাড়ে পড়ে থাকতে দেখা যায় তাঁর নিত্যসঙ্গী সাইকেল ও গামছাটি। পরম মমতায় যেন তারা আঁকড়ে ধরে আছে সন্দীপের রেখে যাওয়া শেষ স্পর্শ।
কিন্তু মানুষটি কোথায়? শনিবার ভোরে শান্ত পুকুরের বুক চিরে উদ্ধারকারী দলের নৌকা যখন তল্লাশি শুরু করল, তীর দাঁড়িয়ে থাকা স্বজনদের চোখে ছিল না জল, ছিল কেবল শঙ্কা আর করুণ জিজ্ঞাসা। দীর্ঘ তল্লাশিতেও মেলে নি কোনো উত্তর।
Comments
Post a Comment